গত তিন দশকে ব্রিটিশ পপ স্টারদের মধ্যে রবি উইলিয়ামস তুমুল জনপ্রিয় হয়েছেন। এবার তিনি আরেক জনপ্রিয় শিল্পীর শিল্পকর্ম নিলামে তুলে শিরোনামে এসেছেন। বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসির তিনটি শিল্পকর্ম নিলামে তুলছেন তিনি। অজ্ঞাত এ শিল্পীর লাভ ইজ ইন দ্য বিনের সামান্য ছেঁড়া একটি সংস্করণ গত বছর ১ কোটি ৮৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল। রবির কাছে থাকা তিনটি শিল্পকর্ম—কিসিং কপার্স, গার্ল উইথ বেলুন ও ভ্যান্ডালাইজড অয়েলস ৭০ লাখ থেকে ১ কোটি পাউন্ডে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাংকসির ছবির ভাষা প্রথা ভাঙার, প্রতিবাদের। যেমন কিসিং কপারস নিউইয়র্কের দুজন পুলিশ সদস্যের চুম্বনদৃশ্য। ছবিটি ২০০৪ সালে ব্রাইটনের প্রিন্স অ্যালবার্ট পাবের বাইরে প্রথম দেখা যায়। দেয়ালচিত্রটিকে বহুবার নষ্ট করার চেষ্টা হয়। অবশেষে ২০১৪ সালে ম্যুরালটি সরিয়ে নেয়া হয়। উইলিয়ামসের কাছে ২০০৫ সালে ক্যানভাসে আঁকা এ ছবির একটি সংস্করণ আছে। ধারণা করা হয়, সংস্করণটির দাম ২৫ থেকে ৩৫ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। গার্ল উইথ বেলুন ২০০২ সালে ওয়াটারলু ব্রিজের নিচে প্রথম দেখা যায়। ২০১৮ সালে এর একটি ক্যানভাস সংস্করণ ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়। কিন্তু বিক্রির পর পরই স্বয়ংক্রিয়ভাবে ছবিটি ফ্রেমের ভেতরে থাকা শ্রেডার মেশিনে কেটে যায়। উইলিয়ামসের সংস্করণটি ২০০৬ সালের এবং ধাতব পাতের ওপর অঙ্কিত। এ ধরনের কাজ এই প্রথম কোনো নিলামে আসছে। ধারণা করা হয়, এর মূল্য ২০ থেকে ৩০ লাখ পাউন্ড হতে পারে।
লোকবসতির দিকে ধেয়ে আসা দুটো সামরিক চপারের দৃশ্য নিয়ে ভ্যান্ডালাইজড অয়েল অঙ্কিত। ছবিটি ‘চপার্স’
নামেও পরিচিত। এটির দাম ২৫ থেকে ৩০ লাখ পাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। ছবিগুলো লন্ডনের সদবি প্রতিষ্ঠানের হাত ধরে নিলামে উঠবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হুগো কব এ সম্পর্কে বলেন, ‘এ কাজগুলো ব্রিটেনের দুজন শিল্পীকে যুক্ত করেছে। এদের নির্মাতা (ব্যাংকসি) ও সংগ্রাহক (উইলিয়ামস) উভয়েই বিশিষ্ট, স্বতন্ত্র।’
উইলিয়ামস মনে করেন, এগুলো ব্যাংকসির শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম। সংগ্রাহক হিসেবে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে এর মাধ্যমে আমি বৃহত্তর সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পেরেছি।’
শনিবার থেকে সথবির নিউইয়র্ক শাখায় ছয়দিন ধরে শিল্পকর্মগুলো প্রদর্শন করা হবে। এরপর হংকং ও লন্ডনে প্রদর্শনের পর ২ মার্চ বিক্রি করা হবে বলে জানা যায়। মজার ব্যাপার হলো, ব্যাংকসি নামে পরিচিত নাম না জানা এ শিল্পীর ছবি নিলামে তুললে তা ভিত্তিমূল্যের কয়েক গুণ দামেই বিক্রি হয়। আশা করা যায়, উইলিয়ামসের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না।
সূত্র: দ্য গার্ডিয়ান










