আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব। ড. পিয়্যের-অ্যাঁলা বোর ‘শাহেনশাহ-এ-কাওয়ালি: নুসরাত ফতেহ আলী খান’ শীর্ষক বইয়ের বাংলা অনুবাদের প্রকাশনা উৎসবের পাশাপাশি থাকবে আলোচনা অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা। লা গ্যালারিতে আগামীকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে। পাঠক সমাবেশ প্রকাশিত বইটি ফরাসি ভাষা থেকে অনুবাদ করেছেন কাজী আব্দুল্লাহ আল মুক্তাদির।

নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে লেখা ড. পিয়্যের-অ্যাঁলা বোর বইটির নাম Nusrat Fateh Ali Khan: Le messager du qawwali. শাহেনশাহ-এ-কাওয়ালি: নুসরাত ফতেহ আলী খান’। নুসরাতের খুব ব্যক্তিগত জীবন উঠে এসেছে এ বইয়ে। ড. পিয়্যের তাকে কাছ থেকে দেখেছেন। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে আরো কিছু আয়োজন রাখা হচ্ছে। নুসরাতের ওপর কিছু চলচ্চিত্র প্রদর্শনী হবে বিকাল ৪টা থেকে। সে সঙ্গে অধ্যাপক কায়সার হক বইটি নিয়ে আলোচনা করবেন। দেশের স্বনামধন্য লালনশিল্পী ফরিদা পারভীনও ‘লালন এবং সুফিবাদ’ বিষয়ে বক্তব্য রাখবেন এবং সংগীত পরিবেশন করবেন।

ড. পিয়্যের-অ্যাঁলা বোর প্রধান পরিচয় সংগীত গবেষক। তিনি লেখালেখিও করেন। সংগীতপ্রেমী ড. পিয়্যের-অ্যাঁলা বো ১০ বছরেরও বেশি সময় নুসরাত ফতেহ আলী খানের জীবন ও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। ফরাসি প্রকাশনা সংস্থা ‘এদিসিয়ঁ দোমি লুন’ থেকে ফরাসি ভাষায় প্রথম প্রকাশের পর বইটি ফ্রান্সে বেশ জনপ্রিয়তা পায়, কিছু পুরস্কারও ঘরে তোলে। এর আগে বইটি ফরাসি ভাষার পাশাপাশি ইংরেজি ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে। সমকালীন নৃত্যের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত এ লেখক পিএইচডি করেছেন মেক্সিকো থেকে, গবেষণার বিষয় ছিল নৃত্য ও এর ক্ষমতা।

ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র কাজী আব্দুল্লাহ আল মুক্তাদির ফরাসি ভাষা শেখা শুরু করেছিলেন ছাত্রজীবনে শখের বশে। কর্মজীবনের শুরুতেই আলিয়ঁস ফ্রঁসেজে চাকরির সুবাদে পেশাদার অনুবাদে হাতেখড়ি। ফরাসি ভাষার শিক্ষক, অনুবাদক ও দোভাষী হিসেবে দেশে-বিদেশে সফলতার সঙ্গে কাজ করছেন। নুসরাতের গানের দারুণ ভক্ত এবং লেখকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের কারণেই তার বইটি অনুবাদের দুরূহ কাজ হাতে নেন তিনি।