ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের খবরে এমনিতেই কিছুদিন ধরে নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এবার হলেন তার গ্যারেজের নতুন সদস্যের জন্য। নীল রঙের বিলাসবহুল নতুন রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন ভিকি। হাসিমুখে গাড়ির গায়ে হেলান দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, বাড়িতে তোমায় স্বাগতম। আর তাতেই চাউর হয়েছে তার এ নতুন গাড়ি কেনার খবর।

নতুন গাড়ির সঙ্গে ছবি পোস্ট করার পর তাতে একের পর এক মন্তব্য করছেন ভিকির ঘনিষ্ঠ জন ও ভক্তরা। তার আলোচিত ছবি উরির পরিচালক আদিত্য ধর লিখেছেন, ‘অভিনন্দন আমার ভাই। পরিশ্রম করো আর এমন সাফল্য উপভোগ করতে থাকো।’ সোফি চৌধুরী লিখেছেন, ‘দারুণ!’ আরো মন্তব্য করেছেন সায়নী গুপ্ত, নির্মত কউর।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানাচ্ছে ভিকির রেঞ্জ রোভারটির দাম ২ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি রুপির মধ্যে। গাড়িটির আটটি ভ্যারিয়েন্ট আছে।

ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও তা এখন বলিউডের জনপ্রিয় গসিপ। সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর অবশ্য জানিয়েছেন, ভিকি আর ক্যাটরিনা এখন একসঙ্গেই থাকছেন।

ভিকি কৌশলের হাতে আছে দ্য ইমর্টাল অশ্বত্থামা, সর্দার উধাম সিং ও স্যাম মানেকশর বায়োপিক। সব মিলিয়ে ভিকির এখন সুসসময়।

 

সূত্র: ডিএনএ