ঈদুল আজহা উপলক্ষে একটি নতুন নাটক নির্মাণ করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘অবুঝ মন’। এটি প্রযোজনা করেছে তারই প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।
‘অবুঝ মন’
নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী কেয়া পায়েল। নির্মাতা রাজ জানান, ‘একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে তাদের। কাহিনীর সঙ্গে মিলেমিশে থাকা একটি গান আছে।’
‘অবুঝ মন’
গানের কথা লিখেছেন জনি হক। এটি গেয়েছেন এপি শুভ ও দৃষ্টি আনাম। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।
মোস্তফা কামাল রাজ বলেন, ‘কোরবানির ঈদে তিন-চারটি নাটক তৈরির ইচ্ছে ছিল। পরিকল্পনাও গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত একটি কাজই করতে পেরেছি। ‘অবুঝ মন’
আমার মন দিয়ে বানিয়েছি। এ নাটকে আমার শুরুর দিকের নির্মাণের ছাপ পাবেন দর্শকরা।’
ঢাকার ভেতরে ৫ ও ৬ জুলাই ‘অবুঝ মন’-এর শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন ফখরুল বাসার, মিলি বাসার, রকি, রত্না, আরবিন ও রোকন। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নাটকটির নির্বাহী প্রযোজক সালেকিন শাকিল।
সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাবে ‘অবুঝ মন’।










