বক্স অফিস দৌড়ে নিজের দুই ছবিকে লড়িয়ে দিয়েছেন
জেমস ক্যামেরন। ফলাফল অবশ্য অপ্রত্যাশিত নয়। বিশ্বজুড়ে টিকিট কাউন্টারে ঝড় তুলেছে ‘টাইটানিক’
ও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। খবর ভ্যারাইটি।
২৫তম বার্ষিকীতে নতুন প্রযুক্তিতে পর্দায়
ফিরেছে ‘টাইটানিক’। প্রথম সাপ্তাহান্তে ছবিটির বৈশ্বিক আয় দুই কোটি ২৩ লাখ ডলার। অন্যদিকে নবম
সপ্তাহান্তেও বক্স অফিস ‘অ্যাভাটার টু’র, এ ছবির আয় দুই কোটি ৫৮ লাখ ডলার।
দুই ছবির বাড়বাড়ন্ত আয় সত্ত্বেও এক নম্বর
অবস্থানে রয়েছে চ্যানিং টাটুমের স্ট্রিপার সাগা ‘ম্যাজিক মাইকস লাস্ট ড্যান্স’। তিনদিনে
এই ছবির স্থানীয় আয় ৮২ লাখ ডলার। সঙ্গে আন্তর্জাতিক বাজারের এক কোটি ৮৬ লাখ ডলার নিয়ে চলতি সপ্তাহের নিরিখে ক্যামেরনের ব্লকবাস্টারদের পেছনে ফেলেছে।
বর্তমানে সর্বকালের শীর্ষ আয়ের সিনেমার তালিকায়
‘টাইটানিক’ ও ‘দ্য ওয়ে অব ওয়াটার’ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। এর মধ্যে
‘টাইটানিক’-এর আয় ২২১ কোটি ৭০ লাখ ডলার। পরেরটির ২২১ কোটি ৩০ লাখ ডলার। তবে শিগগিরই
তৃতীয় স্থানে ওঠে আসবে ‘অ্যাভাটার’ সিক্যুয়াল।
এ দুটি সিনেমা ছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি
আয়ের সিনেমার রেকর্ডটি এখনো জেমস ক্যামেরনের। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ আয়
করেছিল ২৯২ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি। অবশ্য মূল্যস্ফীতি ধরলে এ ছবির অবস্থান দ্বিতীয়,
১৯৩৯ সালে মুক্তি পাওয়া ‘গন উইথ দ্য উইন্ড’-এর আয় সাড়ে ৩০০ কোটি ডলারেরও বেশি।










