অবশেষে করোনার দীর্ঘ বিরতির পর আবারো লাইট-ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন হালের জনপ্রিয় তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিনব্যাপী আবু রায়হান জুয়েলের সরকারি অনুদানের চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর শুটিং করবেন সিয়াম। আর এ কাজের মধ্য দিয়েই করোনাকালীন বিরতির পর শুটিংয়ে ফিরছেন তিনি।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের কাজের পর সিয়াম দীপংকর দীপনের নির্দেশনায় ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজ করবেন। দুটি চলচ্চিত্রে তার বিপরীতে সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেত্রী পরীমনি ও নুসরাত ফারিয়াকে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে রাতুল এবং ‘অপারেশন সুন্দরবন’-এ মেজর সিয়াম সাদাতের ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন সিয়াম আহমেদকে।

নভেল করোনাভাইরাসের কারণে এ অভিনেতার বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ আটকে আছে। এমএ রাহিম পরিচালিত ‘শান’ ছবির গানের দৃশ্যায়ন বাকি রয়েছে। সিয়াম জানান, এখনো এর সিডিউল নেয়া হয়নি তার। সিডিউল নেয়া হয়নি রায়হান রাফির শুটিং শুরু হওয়া ‘ইত্তেফাক’ চলচ্চিত্রেরও। ‘শান’ ছবিতে সিয়ামের বিপরীতে আছেন অভিনেত্রী পূজা চেরী এবং ‘ইত্তেফাক’ এ বিদ্যা সিনহা মিম।

তরুণ নির্মাতা রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবিতেও দেখা মিলবে অভিনেতা সিয়াম আহমেদের। করোনার কারণে এ ছবির শুটিংও বন্ধ। চলচ্চিত্রটির কাজ কবে শুরু হবে সে ব্যাপারে এখনো নিশ্চিত নন এ অভিনেতা। স্বপ্নবাজিতে একঝাঁক তরুণ অভিনয়শিল্পীদের দেখতে পাওয়া যাবে। এ ছবিতে অভিনেত্রী মাহিয়া মাহিও রয়েছেন।

চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি সিয়াম অন্যান্য কাজও শুরু করতে চলেছেন। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। শিগগিরই প্রতিষ্ঠানগুলোর পণ্যের বিজ্ঞাপনও নির্মিত হবে, যাতে মডেল হিসেবে থাকবেন তিনি।


এসবের পাশাপাশি বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন সিয়াম। ঈদের আগে বেশ কয়েকটি ভালো গল্পের নাটকেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা। সিয়াম জানান, তিনি নিজেও গান শুনতে ভীষণ ভালোবাসেন। যদি গান ও মিউজিক ভিডিওর গল্প সুন্দর হয়, তবে তিনি দর্শকের ভালো লাগার কথা বিবেচনা করে নতুন কোনো মিউজিক ভিডিওতে কাজ করবেন। তবে নাটকে নয়। এ বিষয়ে সিয়াম বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি চলচ্চিত্রে কাজ করতে এসে শুরু থেকেই দর্শকের কাছে অনেক বেশি সাড়া ও তাদের অকৃত্রিম ভালোবাসা পাচ্ছি। যদি চলচ্চিত্রে অভিনয় করতে এসে আশানুরূপ সাড়া না পেতাম, তাহলে আমি আইনি পেশায় ফিরে যেতাম। কিন্তু চলচ্চিত্রে কাজ করতে এসে এত বেশি সাড়া পেয়েছি যে বেশ আন্তরিকতা নিয়ে এখানে কাজ করছি।’

এ সময় আরো যোগ করে তিনি বলেন, ‘প্রযোজক, পরিচালক আমার ওপর আস্থা রাখছেন। আমিও প্রতিটি ছবিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আমার লুকে যতটা পরিবর্তন আনা যায় সে চেষ্টা থাকে। আবার ছবির পুরো টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়েও প্রতিটি দৃশ্যে নিজেকে উপস্থাপনের চেষ্টা করি। আর নাটকে কাজ করছি না। যদি নাটকে কাজ করি তাহলে বারবার দর্শকের কাছেই এর জবাবদিহি করতে হবে, তা চাই না আমি।’