জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সম্প্রতি নাটকে অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে তার পুরো মনোযোগ সিনেমাকেন্দ্রিক। সিনেমাকে ঘিরেই এখন তার ভাবনা ও পরিকল্পনা। সে কারণেই সাম্প্রতিক সময়ে নাটকের চেয়ে সিনেমা নিয়েই তাকে বেশি ব্যস্ত দেখা যাচ্ছে।
চলতি বছর সজলের আলোচিত সিনেমা ছিল ‘জিন-থ্রি’। সিনেমাটির জনপ্রিয় গান ‘কন্যা’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। কন্যা গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। একটি গানের জনপ্রিয়তা আর আলোচনার মধ্য দিয়ে বছর পার করলেও আগামী বছর নিয়ে সজল আরো বেশি আশাবাদী।
এদিকে এরই মধ্যে প্রায় শেষ করেছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত সিনেমা শাপলা শালুক। এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে সজলের বিপরীতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। সিনেমাটির কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সজল। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়েও তিনি দারুণ আশাবাদী। কারণ এ সিনেমায় তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, এর আগে এমন চরিত্রে তাকে দেখা যায়নি। সে কারণেই ‘শাপলা শালুক’ নিয়ে ২০২৬ সালকে ঘিরে তার প্রত্যাশা অনেক বেশি।
২০২৬ সালে সিনেমাকে ঘিরেই সজলের আরো সুসময় আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে অপু বিশ্বাসের সঙ্গে আরো একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। কামরুল হাসান পরিচালিত সিনেমাটির নাম ‘দুর্বার’। এটি একটি থ্রিলারধর্মী সিনেমা। গল্পটি মূলত সজলকে কেন্দ্র করেই এগিয়ে যাবে, যেখানে তিনিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
এছাড়া এ নতুন বছরে আরো কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা। সে কারণে ২০২৬ সাল সজলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বছর হয়ে উঠছে।
সজল বলেন, ‘জিন-থ্রি’ মুক্তির পর দর্শকের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছি। দর্শক আমাকে সিনেমায় দেখতে বেশি আগ্রহী। একটা সময় অনেক ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, সেসব কাজের জন্যও দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। কিন্তু এখন যেহেতু সিনেমায় অভিনয় করছি এবং দর্শক সেটাও দেখছেন, তাই দর্শকরাই চাইছেন আমি যেন আরও ভালো গল্পের সিনেমায় অভিনয় করি। সত্যি বলতে কী, আমিও এখন নিয়মিত সিনেমাতেই কাজ করতে চাই। সে কারণে বছরে একটি, দুটি কিংবা তিনটি সিনেমায় কাজ করবো। দর্শককে ভালো গল্পের সিনেমা উপহার দিতে চাই। আমার নিজের কাছে গল্প ও চরিত্র ভালো না লাগলে আমি তাতে অভিনয় করি না। এ বিষয়ে আমি ভীষণ সচেতন।’










