মাদককাণ্ডে পুত্র আরিয়ান খান আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন বলিউডের বাদশাখ্যাত শাহরুখ খান। গতকাল ইনস্টাগ্রামে একটি টিভি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেন এ তারকা। বিজ্ঞাপনটিতে গৌরী খানকেও দেখা গেছে।

ছেলে আরিয়ান খানের নাম মাদকের মামলায় আসার পর সামাজিক মাধ্যমে কোনো উপস্থিতি ছিল না শাহরুখ খানের। এ সময়টা মূলত তিনি পরিবারকেই দিয়েছেন।

গত বছরের ১৯ সেপ্টেম্বরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেষ একটি ছবি পোস্ট করেছিলেন এ তারকা। দীর্ঘ তিন মাস পর কিং খানের ১ মিনিটের টিভি বিজ্ঞাপনের ভিডিও পোস্টটি সামাজিক মাধ্যমে এরই মধ্যে সাড়া ফেলেছে। বাদশার এ পুনরাগমন ভালোভাবেই নিয়েছে তার ভক্তরা। শুভেচ্ছা আর আনন্দের সঙ্গে তারা ইনস্টাগ্রামে নিজেদের মতামত জানিয়ে স্বাগত জানাচ্ছে বলিউড কিং শাহরুখ খানকে। ছেলে গ্রেফতার হওয়ার পর তিনটি সিনেমার শুটিং বন্ধ রেখেছিলেন তিনি। বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন শাহরুখ খান। কয়েকটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের পণ্যদূত এ বলিউড তারকা।

শাহরুখ খান সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকলেও তার স্ত্রী গৌরী খান বেশ ভালোই সক্রিয় আছেন ছেলে আরিয়ান খান জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে। শাহরুখ খানের পোস্ট করা টিভি বিজ্ঞাপনের ভিডিওটি পাঁচদিন আগেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছিলেন শাহরুখ ঘরণী। সরাসরি সিনেমায় গৌরীকে দেখা না গেলেও সিনেমা প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহপ্রতিষ্ঠাতা তিনি। তবে বেশকিছু বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন গৌরী খান। ইন্টেরিয়র ডিজাইনার ও ফ্যাশন ডিজাইনার হিসেবেও বেশ জনপ্রিয় গৌরী।

গত বছরের ২ অক্টোবরে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে মাদক সেবনের অভিযোগে আরিয়ান খানকে গ্রেফতার করেছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি। এ ঘটনায় প্রথম অবস্থায় আরিয়ানসহ অনেককে আটক করা হয়েছিল। ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর আরিয়ান খান, অভিনেতা আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। চার সপ্তাহ জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পান আরিয়ান খান। বলিউডের সফল এ দম্পতির  দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খান আর ছোট ছেলে আব্রাম নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই।