টিভি নাটকের নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তন্ময় খানের পরিচালনায় ‘সেলিব্রেট’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া আগেও তার অভিনীত অনেক নাটকের মধ্যে দর্শককে সবচেয়ে বেশি কাঁদিয়েছে মাবরুর রশীদ বান্নাহর ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’। এ নাটকে ইরফানের সহশিল্পী হিসেবে ছিলেন মনিরা মিঠু ও সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি। এর মধ্যে সিনেমায়ও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। এ পর্যন্ত ইরফান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার তিনি ব্যস্ত চতুর্থ সিনেমার কাজ নিয়ে।

ইরফান সাজ্জাদের ওপর নির্মাতাদের আগ্রহ বেড়েছে অভিনয়ে তার দক্ষতা দেখে। তিনি তার অভিনয় জীবনে এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হলো মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানেনা মনের ঠিকানা’, তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’। ইরফান সাজ্জাদ অভিনীত চতুর্থ সিনেমার নাম ‘আলী’। এবারই প্রথম এ সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানান ইরফান। সিনেমায় তার ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘যেহেতু নাম ভূমিকায় অভিনয় করেছি, আমি যতটা কষ্ট করার, শ্রম দেয়ার দিয়েছি। পরিচালক বলেছেন, তিনি আলীকে আলী রূপে আমার মধ্যে যেভাবে দেখতে চেয়েছেন, তিনি ঠিক তাই পেয়েছেন। যে কারণে তিনি দারুণ খুশি। আমিও আলী চরিত্রটিতে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি।’

সিনেমার কাজ কোন পর্যায়ে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এরই মধ্যে সিনেমার সম্পাদনার কাজ শেষ। কিছু কাজ বাকি আছে। আশা করা যাচ্ছে, সিনেমাটি আগামী বছর যেকোনো ঈদে মুক্তি পাবে।’ এ সিনেমা নিয়ে ইরফান বেশ ইতিবাচক। কেননা দেশের সিনেমা আগের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ‘এর আগের সিনেমাগুলোর চেয়ে এ সিনেমা হলে মুক্তির অধীর অপেক্ষায় আছি আমি। কারণ আমি নিজেই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’ এদিকে ২৮ ডিসেম্বর মহিদুল মহিমের পরিচালনায় সিলেটে ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিং করবেন ইরফান সাজ্জাদ। এতে তার বিপরীতে থাকবেন কেয়া পায়েল। এছাড়া নতুন বছরের শুরুতে তিনি একটি নতুন ওয়েব সিরিজ ও ‘মুখোশ’ নামের একটি সিনেমায়ও অভিনয় করবেন। সিনেমা ও ওটিটি প্লাটফর্মের কাজের দিকে একটু বেশি মনোযোগ দিতে চাচ্ছেন ইরফান সাজ্জাদ।