দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও উপস্থাপনায় তার সাবলীলতা আলাদা করে নজর কাড়ে। এরপর সিনেমায় নাম লিখিয়ে অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা করে নেন এ চিত্রনায়িকা। অভিনয়, গান, নাচ ও স্টেজ পারফরম্যান্স সব মিলিয়ে নুসরাত ফারিয়া এখন দর্শকপ্রিয় এক নাম।

সম্প্রতি কানাডা সফর শেষে ১১ জানুয়ারি দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। মূলত বেশ কয়েকটি স্টেজ শোর জন্য তিনি কানাডা গিয়েছিলেন। নতুন বছরও ভিন দেশেই কেটেছে এ অভিনেত্রীর। দর্শক ও প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় ভরপুর ছিল তার এ সফর।

দেশে ফিরেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নুসরাত ফারিয়া। ফিরেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অংশ নেন দ্য ফেম ম্যাগাজিনের কভার ফটোশুটে। এ ফটোশুট শেষ করেই কাজ করেছেন আড়ংয়ের একটি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটিতে তার সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ভিন্ন দুই অঙ্গনের জনপ্রিয় দুই মুখের এ জুটি দর্শকের কৌতূহল বাড়িয়েছে।

নতুন বছরের প্রথম কাজ নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘দেশে ফিরেই ম্যাগাজিনের কভার ফটোশুট ও বিজ্ঞাপনের শুটিং করেছি। নতুন বছরে দেশে প্রথম শুটিং। কাজে থাকলেই ভালো লাগে। আরো নতুন কিছু কাজ নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব। এ বছর গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে।’