নানা কারণে বারবার আলোচনায় এসেছেন রাধিকা আপ্তে। কখনো ভালো অভিনয়, কখনো আবেদনময়ী লুকের জন্য। নেটফ্লিক্স ইন্ডিয়ার একাধিক সিরিজে রাধিকাকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে গত কয়েক বছরে। সম্প্রতি তিনি নেটফ্লিক্সেরই মনিকা ও মাই ডার্লিং সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সিনেমায় তার সঙ্গে আরো অভিনয় করছেন হুমা কোরেশী ও রাজকুমার রাও। এ সিনেমার প্রচারের সময় এক আলোচনায় তিনি বলেন, তরুণ অভিনেত্রীদের মধ্যে তার কাজের সুযোগ কমে যাচ্ছে।

বলিউডে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে নানা জটিলতা রয়েছে। এর আগে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, ‘‌আমি এ সময়ে একটা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি। বয়স কমানোর জন্য অভিনয়শিল্পীরা সার্জারি করিয়ে নিচ্ছেন। আমি আমার অনেক সহকর্মীর কথাই জানি, যারা তাদের মুখ ও শরীরে একাধিক সার্জারি করিয়েছেন।’

মনিকা ও মাই ডার্লিং সিনেমার প্রচারণার সময় পুরনো এ প্রসঙ্গ তুলে তাকে প্রশ্ন করা হয়েছিল। রাধিকা বলেন, ‘‌হ্যাঁ এ রকম তো হচ্ছেই কিন্তু বিষয়টিকে আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং সে কারণে এর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বয়স অবশ্যই একটি বড় বিষয়। অস্বীকার করার উপায় নেই যে বাণিজ্যিক সিনেমায় কম বয়সী অভিনেত্রীদেরই প্রাধান্য দেয়া হয়। কম বয়সীদের স্ক্রিনে দেখা ও দেখানোটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। বহুবার এমন হয়েছে, আপনাকে বলা হবে আমাদের এই এই বৈশিষ্ট্য দরকার, যা আপনার নেই। তখন চোখে পড়ে একেকজন কত ধরনের সার্জারি করে। এমন একটা ট্রেন্ড তৈরি করা হয়েছে, যার পেছনে শুধু ভারত না, সারা বিশ্বের মানুষ ছুটছে। বহু নারী এর বিরুদ্ধে লড়াইও করছে।’

রাধিকা আপ্তে তার স্বাভাবিক অভিনয় ও প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যের জন্যই দর্শকের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি এভাবেই থাকতে চান। নিজের ইমেজের বাইরে তিনি কখনো যাননি। স্বাভাবিক সৌন্দর্য প্রচারের ক্ষেত্রে ব্র্যান্ডগুলো ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। রাধিকা বলেন, ‘‌সব বয়স, রঙ ও শারীরিক আকারের নারী ও পুরুষকে গ্রহণ করার ইতিবাচক বার্তা প্রচার করছে বেশকিছু ব্র্যান্ড। কিন্তু একটা সময় এসব নিয়ে আমাকে লড়াই করতে হয়েছে। এখনো অনেকের করতে হয়। তবে আপনি নিজেকে কীভাবে দেখতে ও মানুষের সামনে উপস্থাপন করতে চান, মূলত তা আপনার ওপরই নির্ভর করে।


সূত্র: পিঙ্কভিলা