দর্শকপ্রিয় ও সমালোচকদের প্রশংসা পাওয়া অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি তিনি অভিনয় করেছেন লি মিলারের চরিত্রে। লি একজন আলোকচিত্রী এবং কাজ করেছেন যুদ্ধের সময়। পাশাপাশি তিনি ছিলেন উচ্চকিত কণ্ঠস্বর। এ সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কেট জানান, তিনি মনে করেন নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানোও সাহসিকতা নয়। অভিনেত্রীর কাজ অভিনয়ের মাধ্যমে চরিত্রকে ফুটিয়ে তোলা।
কেট মনে করেন, এ বিষয়গুলো তৈরি হয়েছে ইন্ডাস্ট্রির মানসিকতা থেকে। তিনি একটি ঘটনা স্মরণ করে বলেন, ‘আমি শুটিংয়ে একটা বেঞ্চে বসে ছিলাম। এ শটের সময় ক্রুদের একজন এসে আমাকে বলেছিল সোজা হয়ে বসলে আমার শরীর আরো আকর্ষণীয় দেখাবে।’ কেট মনে করেন এ আকর্ষণীয়তার প্রয়োজন নেই।
কেট নিজে কোনো মেকআপ বা ইফেক্ট দিয়ে নিজের চেহারা লুকাতে চান না। এ নিয়ে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। অনেকে রিঙ্কেল নিয়ে কথা বলে কিন্তু আমি যে রকম, সে রকমই নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। এতে সাহসিকতার কিছু নেই। আবার আপত্তিরও কিছু নেই। একটা করে বছর পার হলে আমি নিজেকে নিয়ে আরো সাবলীল বোধ করি।’
কেট উইন্সলেট তার অভিনয়ের জন্য বিখ্যাত। সিনেমায় তিনি চরিত্রকে ফুটিয়ে তোলেন অভিনয়ের মাধ্যমে। এর বাইরে আর কোনো উপায় নেই অভিনয়ে ভালো করার। কেট বলেন, ‘ক্যামেরায় কেমন দেখা গেল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তোলা। কাজটা মেকআপ বা নো মেকআপ দিয়ে করা যায় না। অভিনয় দিয়েই করতে হয়। তাই অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে অভিনয়েই মনোযোগ দেয়া উচিত।’
কেট উইন্সলেটকে থিয়েটারে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালে অ্যামোনাইটে। লি দিয়ে তিনি ফিরছেন ২৭ সেপ্টেম্বর।
সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার










