যখন থেকে চলচ্চিত্রের যাত্রা শুরু, তখন থেকেই শুরু প্রচলিত উপন্যাসে নির্ভর করে সিনেমা নির্মাণ প্রবণতা। প্রায়ই সিনেমাকে মূল বই ও তার গল্পের সমান্তরালে সমাদৃত হতে দেখা যায়। গডফাদার ট্রিলজি তার শ্রেষ্ঠ উদাহরণ। পাশাপাশি বিপরীতটাও সত্য। অর্থাৎ প্রায়ই নির্মাতারা ঔপন্যাসিকের রচনাকে চলচ্চিত্রে আনতে সৎ থাকতে পারেন না। এজন্যই হলিউডের বর্তমান সময়ের অ্যাডাপটেশন নিয়ে নাখোশ জনপ্রিয় ফ্যান্টাসি লেখক জর্জ আর আর মার্টিন। সম্প্রতি তিনি অ্যাডাপটেশনের বর্তমান প্রবণতার তীব্র সমালোচনা করেছেন নিজের ব্লগে। মার্টিন তার ব্লগে লিখেছেন, ‘অ্যাডাপটেশনের মান আগের চেয়ে খারাপ হয়েছে। চিত্রনাট্যকার ও প্রযোজকরা আগ্রহী হয়ে উঠছেন ভালো গল্পের দিকে, তারপর সেটাকে তৈরি করছেন নিজেদের মনমতো। সত্যিকার লেখক কী লিখেছিলেন, সেটার ধার তারা ধারেন না। সেটা স্ট্যান লির লেখাই হোক বা চার্লস ডিকেন্সের, জে আর আর টোলকিনের হোক কিংবা মার্ক টোয়েনের। যে কারো ক্ষেত্রেই তারা এ রকমটা করে।’

মার্টিন মনে করেন, মূল লেখা যত গুরুত্বপূর্ণই হোক কিংবা বইটা যত বিখ্যাত ও পরিচিতই হোক, চিত্রনাট্যকাররা সবসময় ভাবেন তাদের চিত্রনাট্য প্রকৃত লেখার চেয়ে আরো ভালো হবে। গল্পটাকে নিয়ে নিজের মনের মাধুরি মিশিয়ে লিখতে চায়। ব্লগে তিনি লিখেছেন, ‘তারা প্রায়ই দাবি করে বই তো বই-ই; আর চলচ্চিত্র চলচ্চিত্রই। তারপর তারা নিজেদের মতো করে গল্পে কাটছাট করে। অথচ গল্পটা আগের তুলনায় ভালো হয় না। প্রতি হাজারে নয়শো নিরানব্বই বার তারা আগের তুলনায় খারাপ বানায়।’

সূত্র: ভ্যারাইটি