গিয়াসউদ্দিন সেলিমের কাজলরেখায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। সিনেমাটির কাজ শুরু হয়েছিল বেশ আগে। সাদিয়া তখনো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেন। ততদিনে কেবল একটি নাটকে কাজ করেছিলেন। সে সময়ই যুক্ত হন এ সিনেমায়। এতে কাজলরেখা চরিত্রেই অভিনয় করেছেন তিনি। বর্তমানে এ সিনেমার প্রচারণা শুরু করেছেন গিয়াসউদ্দিন সেলিম। প্রকাশ হয়েছে সাদিয়া আয়মানের লুকও। 

কাজলরেখা মুক্তির বেশ আগেই স্ট্রিম হয়ে গেছে ‘মায়াশালিক’-এর। শিহাব শাহীনের ওয়েব ফিল্ম মায়াশালিক দিয়ে সাদিয়া ২০২২ সালের শেষ সময়ে এসে বেশ আলোচনায় চলে আসেন। আর ২০২৩ সালেও এমন অনেক নাটকে অভিনয় করেছেন, যা তাকে রীতিমতো আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। তবে তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কাজল রেখা সিনেমাটি মুক্তির। সাদিয়া জানান, সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি ও মন্দিরা চক্রবর্ত্তী। একই চরিত্রে দুজনের অভিনয়, বিষয়টির বিশদ জানতে হলে সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে, এমনটাই জানালেন সাদিয়া। অবশ্য ধারণা করা যায়, কাজলরেখার দুই ভিন্ন বয়সে অভিনয় করেছেন দুজন। 

সিনেমটি নিয়ে অনেক প্রত্যাশা রেখে সাদিয়া আয়মান বলেন, ‘কাজলরেখা নিয়ে আমার অনেক প্রত্যাশা। এ সিনেমায় অনেক গান রয়েছে। বাংলাদেশে যে সুন্দর সুন্দর লোকসংগীত রয়েছে, তা এ সিনেমায় দর্শকরা আবারো প্রমাণ পাবেন এবং আমার বিশ্বাস, গানগুলো শ্রোতা দর্শকের অনেক ভালো লাগবে।’ গান প্রসঙ্গে বলতে গিয়ে সাদিয়া আয়মান ‘‌হাওয়া’ সিনেমার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘কদিন আগে হাওয়ার ‘‌সাদা সাদা কালা কালা’ গানটি যেমন খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, আমার বিশ্বাস এ সিনেমার গানগুলোও ঠিক তেমনি শ্রোতাপ্রিয়তা পাবে।’

অভিনয় জীবনের প্রথম দিকেই সিনেমায় অভিনয় করেছিলেন সাদিয়া। এ নিয়ে তিনি বলেন, ‘তখন আসলে আমি অভিনয়টা ভালো বুঝতাম না। যে কারণে কাজলরেখা চরিত্রে অভিনয়ের সময় আমি প্রায় সময়ই সেলিম ভাই কিংবা খসরু ভাইকে জিজ্ঞেস করতাম যে কী করব। এভাবেই অভিনয় করেছি এ চরিত্রে। যেহেতু আমি ডিটেইল বুঝতাম না। আমার মনে হয়, আমার ইনোসেন্ট ভাবটাই দর্শকের ভালো লাগবে।’ 

কাজলরেখা নিয়ে ভিন্ন ধারার প্রচারণা চালাচ্ছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটির গান প্রকাশ করেছেন, এসেছে বিভিন্ন চরিত্রের লুক। সিনেমা নিয়ে নিয়মিত কথা বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখনো চূড়ান্ত হয়নি এর মুক্তির তারিখ। ধারণা করা হচ্ছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে সিনেমাটি। কেননা নির্মাতা সেলিম বলেছেন, তিনি দ্রুতই কাজলরেখা মুক্তি দিতে চান ।

এদিকে এরই মধ্যে সাদিয়া আয়মান শেষ করেছেন শিশির আহমেদের পরিচালনায় ‘কেউ কেউ থেকে যায়’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন শাশ্বত দত্ত। ১০ জানুয়ারি থেকে দীপ্ত প্লের জন্য টিটো রহমানের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে কাজ করবেন তিনি। আর গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক। এরই মধ্যে দুজনই নিজেদের মতো প্রচারণা করবেন কাজলরেখার।