নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব প্রেক্ষাগৃহ, চলচ্চিত্রের শুটিং। কিন্তু অভিনয় যাদের নিত্যদিনের অভ্যাস, সকালটা শুরু হয় ক্যামেরা-অ্যাকশন শোনার মধ্য দিয়ে, তাদের জন্য এ বিরতি কম বেদনার নয়। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন। সম্প্রতি তিনি আবার শুটিংয়ে ফিরেছেন। তবে চলচ্চিত্রের নয়, ছোট পর্দায়। ঢাকাই চলচ্চিত্রের এ খলনায়ককে এবার একটি ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা। নাটকে অভিনয় নিয়ে টকিজের সঙ্গে সম্প্রতি কথা বলেন অভিনেতা মিশা সওদাগর। তার মতে, বড় পর্দা কিংবা ছোট পর্দা কোনো বিষয় নয় বরং অভিনয়টাই মুখ্য। তাই তো ভালো গল্পের প্রস্তাব পেয়ে ধারাবাহিকে অভিনয়ের সুযোগটা লুফে নেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’
ধারাবাহিকে ইনসাফ ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। নাটকটি পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান। গতকাল থেকে নাগরিক টিভিতে নাটকটির প্রচার শুরু হয়েছে। প্রতিদিন বুধ থেকে শুক্র রাত সাড়ে ৮টায় ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হবে নাগরিক টিভির পর্দায়।
ধারাবাহিকটির মধ্য দিয়ে করোনার দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মিশা সওদাগর। ক্যারিয়ার শুরুর পর থেকে ছুটি যার কাছে ছিল বিরল ঘটনা। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসার অনুভূতি কেমন? ‘আমি খুব উপভোগ করছি। সবচেয়ে বড় কথা হলো চিত্রনাট্য আমার কাছে ভালো লেগেছে এজন্যই কাজটা করেছি।’
বড় পর্দা আর ছোট পর্দার কাজের পার্থক্য অনেক। প্রস্তুতিও আলাদা। বড় পর্দায় যার অভিনয় জীবন কেটেছে, তার কেমন লাগছে টিভি নাটকে কাজ করে? প্রস্তুতির বিষয়ে নিজেকে একশতে সত্তর মার্কস দিতে চান মিশা। চলচ্চিত্রের এই দাপুটে অভিনেতা নিজেই বললেন দুই পর্দার পার্থক্যের কথা, ‘নাটকে স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। বিষয়টা সহজ বলা যাবে না। ছবিতে তো প্রম্পট করা হয়। নাটকে সব মুখস্থ বলতে হয়। চলচ্চিত্রের আরেকটি সুবিধা হলো শুটিংয়ে এক্সপ্রেশন কম হয়ে গেলে ডাবিংয়ে কণ্ঠ দিয়ে কাভার করে নেয়া যায়। নাটকে কিন্তু এ সুযোগটা নেই। এটা বড় পার্থক্য বলব।’
করোনার এই পরিস্থিতিতে নাটকে শুটিংয়ের বিষয়ে মিশা বলেন, ‘তুলনামূলকভাবে নাটকের টিম ছোট হয় এবং স্বল্প পরিসরে কাজ করা যায়। চলচ্চিত্রে বিশাল সেট, অনেক মানুষের কাজ। এখানে যারা কাজ করছেন, তারা নিরাপত্তার জন্য সব চেষ্টাই করেছেন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি, শুটিংয়ের সময় ছাড়া বাকিটা সময় মাস্ক পরে থেকেছি।’
ভালো গল্প পেলে ছোট পর্দাতেও অভিনয় করবেন অভিনেতা মিশা সওদাগর। তাহলে কি এবার থেকে দর্শকরা টিভি নাটকে নিয়মিত দেখতে পাবেন বড় পর্দার খলনায়ককে? ‘অবশ্যই। অভিনয়ের ক্ষেত্রে আমি কোনো প্লাটফর্ম দেখব না। প্রযুক্তিগত অন্য প্লাটফর্মগুলোতেও কাজ করব।’
এক্ষেত্রে বাদ যাবে না ওয়েব প্লাটফর্মগুলোও। এরই মধ্যে একটি ওয়েব সিরিজে কাজের কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই মিশা জানাবেন তার নতুন কাজের খবর। তবে আপাতত গোপনই রাখতে চান বিষয়টি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’
মিশা অভিনীত প্রথম নাটক। কিন্তু এটি তার প্রথম নাটক নয় বলে বিষয়টি নিশ্চিত করলেন মিশা। তিনি জানালেন, আমার প্রথম নাটক ছিল ‘ললিতা’। এছাড়া তিনি মাহফুজ আহমেদ পরিচালিত ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’
নামে একটি নাটকে অভিনয় করেছেন।
‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে মিশা সওদাগর ছাড়াও অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেত্রী চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ অনেকেই।










