মঞ্চায়ন হতে যাচ্ছে বটতলার নাটক 'খনা'। নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর এ নাটকের ৭৭তম প্রদর্শনী হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেইলি রোড অবস্থিত মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এটি প্রদর্শনী হবে ।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী। সুর ও সংঙ্গীত পরিচালনা করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল। পোষাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। পোস্টার ডিজাইন করেছেন তৌহিন হাসান।
খনা নাটকে অভিনয় করছেন মো. আলী হায়দার, চন্দন পাল, ইভান রিয়াজ, শারমিন ইতি, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, হামিদুল হিল্লোল,পঙ্কজ মজুমদার,বাকিরুল ইসলাম, হুমায়ুন আজম রেওয়াজ, মুহাম্মদসাইদ, সুমিত তেওয়ারী, হাফিজা আক্তার ঝুমা ও কাজী রোকসানা রুমা।
খনার গল্পটা অনেক পুরোনো, কিংবদন্তীর ঘেরাটোপে বন্দী। তবু যেটুকুর তল খুঁজে পাওয়া যায় তাতে বোধ হয় যে তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী। শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব দর্শনে বরাহের হীনমন্যতা ও ঈর্ষা। খনার আরেক নাম লীলাবতী। শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহ্বা কর্তন ও তার ‘খনা’ হয়ে ওঠার গল্প পেরিয়েছে প্রজন্মের সীমানা।










