হলিউডে জনি ডেপের প্রতি ভক্তদের দুর্বলতা অন্য রকম। এ তারকার প্রতিটি কাজ নিয়েই ভক্তদের আগ্রহ থাকে। অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজকের পাশাপাশি একজন চিত্রশিল্পী হিসেবেও জনি ডেপের খ্যাতি রয়েছে। সম্প্রতি জনি ডেপের আঁকা ছবিগুলো ৩০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। বৃহস্পতিবার ৫৯ বছর বয়সী এ তারকার ৭৮০টি চিত্রকর্ম বিক্রি হয়। এগুলোর মধ্যে ফ্রেমে বাঁধাই করা একেকটি ছবির মূল্য ছিল ৩ হাজার ৯৫০ পাউন্ড। চারটি ছবির পূর্ণাঙ্গ পোর্টফোলিও বিক্রি হয়েছে ১৪ হাজার ৯৫০ পাউন্ডে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনির এসব চিত্রকর্মকে ‘পপ আর্ট ও স্ট্রিট আর্টের সংযোগস্থল’ এবং ‘অনুভূতির সঙ্গে পপ আর্টের সংমিশ্রণ’ বলে আখ্যা দিয়েছে ক্যাসল ফাইন আর্টস গ্যালারি। বেশ কয়েক মাস ধরেই ‘দ্য ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ শিরোনামের নিজের চিত্র প্রকল্প নিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন জনি। তার রঙ-তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে খ্যাতিমান অভিনেতা অ্যাল পাচিনো ও বব ডিলানের মুখ।

এ নিয়ে জনি ডেপ বলেন, ‘আমার জীবনকে ঘিরেই আমার চিত্রকর্ম। তবে আমি এতদিন এগুলো নিজের কাছেই রেখেছিলাম। কারোই নিজেকে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়।’

জনি তার আঁকা ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। তার চিত্রকর্মগুলোর ছবি দিয়ে এ তারকা ক্যাপশনে লিখেছিলেন, ‘এখন শুধু ক্যাসল ফাইন আর্টে রয়েছে।’ এর সঙ্গে সঙ্গেই তার ভক্ত ও অনুরাগীরা ব্যস্ত হয়ে পড়েন প্রিয় অভিনেতার নিজ হাতে আঁকা ছবিগুলো কেনার জন্য। ফলে গ্যালারির ওয়েবসাইটে ঢুঁ মারেন ভক্তরা আর কয়েক ঘণ্টায়ই সব ছবি বিক্রি হয়ে যায়। জনি ডেপের চিত্রকর্মগুলো নিয়ে ভক্তদের ভালো লাগা কারো অজানা নয়। এগুলো প্রদর্শন ও বিক্রির জন্য দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল ক্যাসল ফাইন আর্ট গ্যালারির সঙ্গে। অবশেষে ক্যাসল ফাইন আর্টের ৩৭টি গ্যালারির মাধ্যমে ৭৮০টি শিল্পকর্ম বিক্রি করেছেন এ মার্কিন অভিনেতা।

সূত্র: আউটলুক