কয়েক বছরের মধ্যেই বলিউড ছেড়ে হলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া।
তাকে এখন বৈশ্বিক তারকা হিসেবেই বিবেচনা করা হয়।
সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে প্রিয়াংকা বলেছেন, দক্ষিণ এশিয়ার তারকারা বহুদিন থেকে বৈশ্বিক বিনোদন জগতে প্রান্তিক হয়ে আছেন এবং তার স্বপ্ন ভারত থেকে আরো অনেক তারকা হলিউডে জায়গা করে নেবেন।
প্রিয়াংকা বলেছেন, ‘প্রথম যখন আমেরিকায় এসেছি তখন মানুষ আমাকে মূলধারার অভিনেত্রী হিসেবে মেনে নেয়নি।’ তবে প্রিয়াংকার মতে, সময়ের সঙ্গে সঙ্গে হলিউডে এখন অনেক পরিবর্তন এসেছে।
তাই তিনি চান ভারতের প্রতিভাবান শিল্পীরা হলিউডের দিকে পা বাড়ান।
প্রিয়াংকা চোপড়া সামনের দিনে হলিউডে তার কাজে আরো বেশি করে ভারতীয় শিল্পীদের যুক্ত করবেন বলেও ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘স্ট্রিমিংয়ের মাধ্যমে বিনোদন জগৎ অনেক বেশি আন্তর্জাতিক হয়ে উঠেছে।
আমার মা প্রতিদিন কোরিয়ান নাটক দেখেন।
এটাই উপযুক্ত সময়।
আমি ভারতীয় শিল্পীদের বলতে চাই হলিউডের দরজায় কড়া নাড়তে।
আমি নিজে সবসময় ভারতীয়দের কাস্ট করব এবং বিশ্বের দর্শকদের জন্য নিয়মিতভাবে ভারতীয় কনটেন্ট নির্মাণ করব।
বিনোদন জগতে দক্ষিণ এশীয়রা অনেক দিন থেকেই প্রান্তিক হয়ে আছেন।
এখন আমাদের স্থান দাবি করতে হবে।’
প্রিয়াংকা চোপড়ার প্রডাকশন কোম্পানির নাম পার্পল পেবল পিকচারস।
তার এ কোম্পানির কার্যক্রম নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, তার মনোযোগ সত্য ঘটনা ও নারীকেন্দ্রিক কনটেন্ট নির্মাণে।
সঙ্গে কয়েকটা কমেডি।
‘আমি নারী চরিত্রকেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে চাই এবং চরিত্রটি যে আমিই হব তা নয়।’
সাক্ষাত্কারে তার প্রকাশিত স্মৃতিকথা অনফিনিশড নিয়েও কথা ওঠে।
এ সময় প্রিয়াংকা জানান, তিনি লেখালেখিরও তালিম নিচ্ছেন।
ভবিষ্যতে সিনেমা পরিচালনারও ইচ্ছা আছে তার।
‘আমি অনেক প্রতিভাবান পরিচালকের সঙ্গে কাজ করেছি।
তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
তবে এটা খুবই টেকনিক্যাল কাজ।
আশা করি কোনো একদিন পরিচালনায় নামার সাহস করে ফেলব।’
সূত্র: পিংকভিলা









