হিন্দি সিনেমার প্রথম পরিবার ধরা হয় কাপুর পরিবারকে। পৃথ্বিরাজ কাপুর, রাজ কাপুর, ঋষি কাপুর কিংবদন্তি অভিনেতা। কিন্তু কারিশমা কাপুরের আগে কাপুর পরিবারের নারীরা বলিউডে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর ও রণধির কাপুরের স্ত্রী ববিতা উভয়েই বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এমনকি কারিশমা কাপুরও বলিউডে ক্যারিয়ার শুরুর সময় বাবা রণধির কাপুরের তেমন কোনো সহায়তা পাননি। এসব বিষয়ে মিড-ডের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন কারিনা কাপুর।

কারিনার মতে, ষাটের দশকে কাপুর পরিবারে যেসব নারীর বিয়ে হয়েছে, তাদের অনেকে কখনই সিনেমায় কাজ করেননি। আর বিয়ের পর কারো কারো অভিনয় ছেড়ে দেয়া হয়তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তাদের অভিনয় ছাড়ার পেছনে কাপুর পরিবারের পুরুষ সদস্যদের কোনো প্রভাব ছিল না বলে জানান কারিনা। কারিশমা কাপুরের বিষয়টিও পরিষ্কার করেন তিনি। কারিনা জানান, কারিশমার অভিনয়ে ক্যারিয়ার গড়ার ব্যাপারে বাবা রণধির কাপুরের সমর্থন ছিল না। তবে তিনি তাকে বাধাও দেননি। কারিনার ভাষায়, তিনি শুধু বলেছিলেন, ‘আমি জানি না। আমি কিছু করতে পারব না। তাকেই নিজের পথ তৈরি করে নিতে হবে। যদি সে অভিনয় করতে চায়, তাহলে সবকিছু তাকেই ব্যবস্থা করতে হবে।’ নারীদের অভিনয়ের ক্ষেত্রে তার মধ্যে কোনো রক্ষণশীলতা ছিল না বলে জানান কারিনা। তিনি শুধু চেয়েছিলেন, প্রত্যেকে নিজের পথটা যেন নিজেই তৈরি করে নেয়। তবে কারিশমা কাপুর বলিউডে অভিষেকের সময় মা ববিতার সাহায্য পেয়েছিলেন বলে জানান কারিনা।

বিয়ের পর কাপুর পরিবারের নারী সদস্যদের অভিনয় ছেড়ে দেয়া নিয়ে ব্যাপক সমালোচনা আছে। অনেকের মতে, তাদের অভিনয় ছাড়তে বাধ্য করা হয়েছে। এমন ভাবনার সঙ্গে মোটেই একমত নন কারিনা কাপুর। তিনি জানান, কাপুর পরিবারের নারীরা বিয়ের পর স্বেচ্ছায় অভিনয় ছেড়েছেন। এটি হয়তো তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল, অথবা স্বামীর সঙ্গে আলোচনা করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অভিনয় ছাড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে অভিনয় ছাড়ার জন্য কেউ তাদের জোর-জবরদস্তি করেনি। তিনি আরো জানান, নারী সদস্যদের অভিনয়ের ব্যাপারে কাপুর পরিবারের যে কোনো গোঁড়ামি নেই, তার বড় প্রমাণ হলো, কারিশমা কাপুর থেকে শুরু করে এখনো পর্যন্ত কাপুর পরিবারের অনেক নারী সদস্য বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করছেন। কারিনা নিজেও ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস