আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুম গ্যালারিতে চলছে অমিতাভ সরকার, ফারিয়া খানম তুলি ও সুমন বিশ্বাসের ‘এ্যামিতি’ শীর্ষক প্রদর্শনী। শুক্রবার প্রদর্শনীটির উদ্বোধন করেন অধ্যাপক ড. বজলুর রশীদ খান।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রভাষক ও শিল্পী অমিতাভ সরকার মনে করেন, শিল্পজগতের মূল অনুপ্রেরণা হলো প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি, ধ্বংস এবং অন্তঃসারে যা দেখা যায়, তা দিয়েই অনুপ্রাণিত হয়ে তিনি নিদর্শনগুলো স্বাধীনভাবে উজ্জ্বল রঙে ফুটিয়ে তোলেন। মূলত তিনি অ্যাক্রিলিক রঙ ব্যবহার করে কাজ করেন।
তিনি জানান, শিল্পকর্মগুলো তিনি প্রকৃতিতে যে রূপ পর্যবেক্ষণ করেছেন, তার ওপর ভিত্তি করে তৈরি করেছেন, যা কল্পনাপ্রসূত ও খণ্ডিত বিমূর্ত রূপ তৈরিতে একটি সূচনাবিন্দু হিসেবে ছিল।
ফারিয়া খানম তুলি একজন নবীন সমসাময়িক শিল্পী। তার শিল্পকর্মগুলোয় সমাজে নারীর ক্ষমতায়ন, ন্যায়পরায়ণতা এবং আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করার জন্য একটি ছাপ তৈরি করেছেন। অ্যাক্রিলিক ছাড়াও অন্যান্য রঙ ও কৌশল ব্যবহার করে তিনি শিল্পকর্মগুলো তৈরি করেছেন। সমাজের সব স্তরে নারীর ক্ষমতায়নে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। নারীত্বের গভীর আকাঙ্ক্ষা সম্পর্কে তার চিন্তা-ভাবনা প্রকাশ করতে রঙ নিয়ে গবেষণা করতে পছন্দ করেন।
তরুণ শিল্পী সুমন বিশ্বাসের অ্যাক্রিলিক-ভিত্তিক শিল্পকর্ম, বিন্যাসিত এলোমেলো রেখাগুলো গাছ, প্রাণী, মানুষ ইত্যাদির মতো প্রতিটি প্রাকৃতিক বস্তুর মধ্যে একটি অবচেতন সম্পর্ককে কল্পনা করে তৈরি করা। একজন স্বাধীন শিল্পী হিসেবে তার বিশ্বাস, ধ্যানের মাধ্যমে নিজেকে অনুভব করা যায়।
সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।










