যুক্তরাষ্ট্রে নয় মাস কাটানোর পর দেশে ফিরছেন শাকিব খান। এই লম্বা সময়ে তার কিছু উপলব্ধি হয়েছে, যা তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এ নায়ক। মূলত দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে এতদিন সেখানে অবস্থান করছিলেন।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বাংলাদেশের ফেরার উড়োজাহাজে উঠেছেন শাকিব।
সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো - কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল!’
আরো বলেন, ‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।’
‘কেন জানি মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে।’
সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘গলুই’ ছবিতে শাকিব খানকে দেখা গেছে। মাস কয়েক আগে ‘রাজকুমার’ নামের একটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি, যার শুটিং হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সরকারি অনুদানে ও তার প্রযোজনায় নির্মিত হবে ‘মায়া’।










