বিয়ে এবং মা হওয়ার পরও বলিউডে যে নায়িকারা ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তাদের মধ্যে প্রথমেই আসবে কারিনা কাপুর খানের নাম।
তিনিই বলিউডের সুপারস্টার হিরোইন।
দ্বিতীয় সন্তান জন্মের পরও বলিউডের সেরা পরিচালকরা তাকে সাইন করাতে অপেক্ষা করেছেন।
পরিচালক অলৌকিক দেশাই তার সামনের পৌরাণিক কাহিনীনির্ভর সীতা ছবিতে নাম চরিত্রে নিতে চেয়েছেন বোবোকে।
কয়েক মাস আগে তিনি এ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
সীতার চরিত্র কারিনার পছন্দ হয়েছিল।
জানিয়েছিলেন কিছুদিন ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, এর মধ্যে কারিনা চেয়েছেন ভীর দি ওয়েডিং টু ও হানসাল মেহতার ছবির কাজ শেষ করতে।
কারণ এগুলোয় তার মাস খানেকে বেশি সময় লাগবে না।
সে তুলনায় সীতার জন্য অন্তত ৮-১০ মাস সময় প্রয়োজন।
কারিনা বুঝতে পারছিলেন, সীতা তার জীবনের সবচেয়ে বড় ছবিগুলোর একটি হবে।
কারিনা কাপুর খান এখন সাধারণভাবে তার একেকটি ছবির জন্য ৬-৮ কোটি রুপি পারিশ্রমিক নেন।
কিন্তু সীতার জন্য তিনি দাবি করেছেন ১২ কোটি রুপি।
অর্থের অংকটা প্রযোজক, পরিচালকদের দুর্ভাবনায় ফেলে দিয়েছে।
বলিউড হাঙ্গামার সূত্র জানাচ্ছে, প্রযোজকরা এখন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চাইছেন।
তারা কারিনার জুনিয়র কোনো অভিনেত্রীকে সীতার চরিত্রটি দিতে চাচ্ছেন।
তবে কারিনার সঙ্গে এখনো আলোচনা চালাচ্ছেন প্রযোজকরা।
সূত্র: বলিউড হাঙ্গামা










