শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড দেয়া হলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সিনেমায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে তাকে। সামাজিকমাধ্যম ফেসবুকের পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ফারুকী।

একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করে এ নির্মাতা লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এ বছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে, অতীতে এ পুরস্কার আমার পছন্দের কিছু মানুষ অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। আমার মনে হয়, আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আমার অনেক দূর যেতে হবে।’

২২ সেপ্টেম্বর পর্দা উঠেছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের। উৎসবের পর্দা নামবে আজ। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম। এবারের উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেম্যাটিক আর্টস’-এ দেখানো হবে সিনেমাগুলো। গতকাল বেলা আড়াইটায় দেখানো হয়েছে ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।