করোনাভাইরাসের লকডাউনে ভারতে অন্যতম আলোচিত একটি নাম ছিল সনু সুদ। বলিউডের এ অভিনেতা পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি সনুকে পাঞ্জাব প্রদেশের আইকন হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছে সোমবার।
পাঞ্জাবের প্রধান নির্বাচন কর্মকর্তা এস করুণা রাজু বলেছেন, তাদের অফিস থেকে ভারতের নির্বাচন কমিশনে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সম্প্রতি তারা সেটি অনুমোদন করেছেন।
পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা সনু সুদ। লকডাউনের সময় ভারতের বিভিন্ন অঞ্চলে আটকে পড়েছিলেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। তাদের দুর্দশা সবাইকে নাড়া দিয়েছিল। তাদের মধ্যে একজন সনু সুদ। তবে সনু শুধু দুঃখ প্রকাশে সীমাবদ্ধ না থেকে তাদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন। তাদের জন্য বাসের ব্যবস্থা করে দেন। আবার অনেক ক্ষেত্রে ট্রেনের টিকিট এমনকি বিমানের ব্যবস্থা করেন। তার এ মানবিক কর্মকাণ্ড ভারতে প্রশংসিত হয়েছে।
পাঞ্জাবের আইকন হওয়ার সংবাদের প্রতিক্রিয়ায় এ তারকা বলেছেন, ‘আমি খুবই আনন্দিত এবং আমাকে এ সম্মান দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আমি পাঞ্জাবের সন্তান, তাই এ সম্মান আমার জন্য বিশেষ আবেগের। আমার রাজ্যকে গর্বিত করতে পেরে আমি খুশি। এ স্বীকৃতি আমাকে আরো কঠোর পরিশ্রমের প্রেরণা দেবে।’
সনুকে প্রশংসা করে অনেকেই তাতে পর্দার নয় বরং সত্যিকর হিরো হিসেবে অভিহিত করেছেন। ভক্তরা দাবি তুলেছেন তার বায়োপিক নির্মাণের। অবশ্য বিনয়ী সনু বিনয়ই দেখিয়েছেন। তিনি বলেছেন বায়োপিকের বিষয় হওয়ার জন্য তাকে আরো অনেক বেশি কাজ করতে হবে।
স্পটবয় ই-এর সঙ্গে এক সাক্ষাত্কারে সনু সুদ বায়োপিকের ব্যাপারে শুনিয়েছেন তার এক শর্তের কথা। তিনি বলেছেন, একটি শর্তে তিনি তার জীবনের ওপর সিনেমা নির্মাণের অনুমতি দেবেন। সিনেমায় সনুর চরিত্রটি তিনি নিজেই করতে চান। তার কথায় তিনি ‘ছবিতে নিজের চরিত্রে অভিনয়ের অধিকার অর্জন করেছেন’।
সূত্র: ডিএনএ










