ছোট পর্দার অভিনেত্রী অলংকার চৌধুরী। ‘মুখোশ’ সিনেমায় খুব কম সময়ের জন্য দেখা মিলেছিল তার। নতুন খবর হলো, আবার সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সিনেমার নাম ‘মুক্তির ছোট গল্প’। 

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরই মধ্যে এর কাজ শেষ করেছেন অলংকার। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির ছোট গল্প সিনেমার গল্পটা আসলে মুক্তি নিয়ে। এর গল্প অনেক বেশি সুন্দর, সে কারণেই এ সিনেমায় কাজ করা।’

সিনেমার গল্প ও চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে এ ‘‌১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ কিন্তু এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারীর সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা কিন্তু এখনো ফিরে আসেনি। আবার তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। এ কথাগুলো বললাম আমার সিনেমার জন্য। এ সিনেমায় আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। আমার চরিত্রের নাম নদী। তরুণ প্রজন্মকেই সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কাজ করে নদী। আবার মুক্তিযুদ্ধে যোদ্ধাদের যে ভূমিকা ছিল, তা তুলে ধরার পাশাপাশি তাদের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নদী তার অবস্থান থেকে ভুমিকা রাখতে চায়।’

নির্মাতা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘‌মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে সত্যিই আমি ভীষণ সন্তুষ্ট। আমি এ সিনেমার একজন হিসেবে সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’

গত বছরের বিজয় দিবসে আরিফ খান পরিচালিত বিজয় দিবসের বিশেষ নাটক ‘কৃষ্ণপক্ষের রাত ছিল’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এতে দেশের দুই কিংবদন্তি অভিনয়শিল্পী ডলি জহুর ও নরেশ ভূঁইয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অলংকার চৌধুরী। কাজের ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী জানান, ইরফান সাজ্জাদের সঙ্গে নতুন নাটকে অভিনয় করেছেন। কাজী বাহাদুর হিমু পরিচালিত ‘ছোট বড় প্রেম কাহিনী’ নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে।