অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুকুটে যুক্ত হলো নতুন পালক। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিপ্রধান হচ্ছেন তিনি। এ উৎসবের ১৫তম আসর শুরু হচ্ছে ২৯ ফেব্রুয়ারি। সম্প্রতি বাঁধনকে এ উৎসব কর্তৃপক্ষ জুরিপ্রধান মনোনীত করেছে। 

এ বিষয়ে অভিনেত্রী জানান, উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। চলবে ৭ মার্চ পর্যন্ত। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালটি সরকারিভাবে আয়োজন হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। এজন্য তিনি আনন্দ প্রকাশ করেছেন। 

আজমেরী হক বাঁধন প্রভূত খ্যাতি পেয়েছেন রেহানা মারিয়াম নূর সিনেমার মাধ্যমে। এটি নিয়ে তিনি বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছেন। কিন্তু সেগুলোয় তিনি গেছেন অভিনেত্রী হিসেবে। এরপর আর কোনো সিনেমা নিয়ে যাওয়া হয়নি। এবার নতুন দায়িত্ব নিয়ে চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন তিনি। বিষয়টি তার জন্য আনন্দের পাশাপাশি দেশের জন্যও সম্মানের। বাঁধন আরো জানান, তিনি এ দায়িত্বের ক্ষেত্রে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে সঠিকভাবে জুরি হিসেবে দায়িত্ব পালন করার।

বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টির বেশি দেশের সিনেমা। মোট সিনেমার সংখ্যা হবে ২০০টির বেশি। প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরো থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম।

বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এ বিভাগ ছাড়াও উৎসবে ভারতীয় ও কন্নড় চলচ্চিত্রের জন্য প্রতিযোগিতা বিভাগ থাকছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এ উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়াভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন। জুরি হওয়ার অভিজ্ঞতা বাঁধনের জন্য নতুন নয়। এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘‌আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।