বাঙালি জাতির জীবনে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে গর্জে উঠেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ। এদিন জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন তিনি। তার এ ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনে। ২০১৭ সালে ইউনেস্কো এ ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতি বছর ৭ মার্চকে স্মরণ করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকে বিশেষ আয়োজন। সে ধারাবাহিকতায় এবারো এ উপলক্ষে বিশেষ আয়োজনে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা।
বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সারা দিনই প্রচার হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বিশেষ আলোচনা অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, শিশুতোষ আলেখ্যানুষ্ঠান ‘তর্জনী’, প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’, আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’ ও চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাজানো তর্জনী অনুষ্ঠানটিতে একঝাঁক শিশুশিল্পী অংশগ্রহণ করেছে। ইকবাল খন্দকারের গ্রন্থনায় অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন অনিক বোস ও রেশমি আবেদিন, সংগীত পরিচালনায় আজাদ মিন্টু, দলীয় আবৃত্তির নির্দেশনায় ছিলেন বীর বরকত ও তামান্না তিথি।










