জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে ২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ মার্চ নিয়মিত জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা। মূলত ইয়াং বাংলা সিআরআইয়ের তারুণ্যের প্লাটফর্ম।

প্রতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হলেও এবার জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে নয়টি ব্যান্ড। মঞ্চ মাতাবে চিরকুট, আর্টসেল, মেঘদল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ ব্যান্ড।

কনসার্ট দেখতে কাটতে হবে না টিকিট। ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেই কনসার্টের সুযোগ মিলেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ১০টায় রেজিস্ট্রেশন চালু হওয়ার পরই দারুণ সাড়া মিলেছে তরুণদের কাছ থেকে। 

আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২০২৪ সালের ৭ মার্চ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তরুণরা দীর্ঘদিন ধরেই ঢাকার বাইরে কনসার্ট আয়োজনের অনুরোধ করে আসছিল। এবার তাদের ইচ্ছেতেই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। 

জয় বাংলা কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান। আশা করছি চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।’ 

২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্ট হলেও মাঝে করোনা মহামারীর কারণে ২০২১-২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি। তবে ২০২৩ সালে আর্মি স্টেডিয়ামে বসেছিল জয় বাংলা কনসার্টের আসর। প্রতিবারের মতো এবারের জয় বাংলা কনসার্টে ব্যান্ডগুলো নিজেদের গান ছাড়াও অন্যবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এছাড়া প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

কনসার্টের দিন দর্শকের জন্য গেট খোলা হবে দুপুর ১২টায়। মূল আয়োজন শুরু হবে বেলা ২টা থেকে।