হলিউডের জনপ্রিয় তারকা স্কারলেট জোহানসন। এবার তিনি যুক্ত হচ্ছেন কিংবদন্তি হরর ফ্র্যাঞ্চাইজি দ্য এক্সরসিস্টের নতুন সিনেমায়। ইউনিভার্সাল পিকচারস ও ব্লামহাউজ–অ্যাটমিক মনস্টারের যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া এ সিনেমা পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন মাইক ফ্লানাগান। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ফ্র্যাঞ্চাইজিটির এক ‘ব্যতিক্রমী ও নতুন দৃষ্টিভঙ্গির’ উপস্থাপন।
১৯৭৩ সালে মুক্তি পায় উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত এক্সরসিস্ট। সিনেমাটি ছিল এক যুগান্তকারী সাফল্য। বিশ্বব্যাপী ৪৪ কোটি ডলার আয় ও ১০টি অস্কার মনোনয়ন অর্জন করে এটি ইতিহাসে স্থান করে নেয়। তাই নতুন কিস্তি নিয়ে ভক্তদের কৌতূহল যথেষ্ট। ফ্লানাগান জোহানসনকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘স্কারলেট অসাধারণ অভিনেত্রী, যিনি যেকোনো চরিত্রে বাস্তবসম্মত গভীরতা যোগ করতে পারেন। তাকে এ সিনেমায় পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
ইউনিভার্সাল ২০২১ সালে নতুন এক্সরসিস্ট ত্রয়ীর স্বত্ব কিনতে ৪০ কোটি ডলার ব্যয় করেছিল। তবে প্রথম প্রচেষ্টা, ২০২৩ সালের দ্য এক্সরসিস্ট: বিলিভার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। সিনেমাটি বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার আয় করলেও সিকুয়াল তৈরির আগ্রহ জাগাতে পারেনি।
আসন্ন নতুন সিনেমা বিলিভারের সিকুয়াল নয়, বরং ১৯৭৩ সালের চলচ্চিত্রের একই মহাবিশ্বে স্থাপিত এক স্বতন্ত্র গল্প। কাহিনী কিংবা অতিরিক্ত অভিনেতাদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। শুটিং হবে নিউইয়র্ক শহরে। জোহানসনের জন্য এটি আরেকটি বড় ফ্র্যাঞ্চাইজি পুনরুজ্জীবনের সুযোগ। এ বছরের গ্রীষ্মে মুক্তিপ্রাপ্ত জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে তার উপস্থিতি সিনেমাটিকে বিশ্বব্যাপী ৮৬ কোটি ডলারের বেশি আয় এনে দেয়।
সূত্র: ভ্যারাইটি










