নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বিজয়। সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা অ্যাটলি। প্রায় ২ ঘণ্টা ধরে চলে আলোচনা। পরবর্তী সময়ে অ্যাটলি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন ছবি। এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফার মতো সাক্ষাৎ করলেন শাহরুখ ও বিজয়। কিছুদিন আগে অ্যাটলির জন্মদিনে দেখা হয়েছিল। ফলে ভক্তদের মধ্যে গুঞ্জনের শেষ নেই। তাহলে কি শাহরুখের নতুন ছবি জওয়ানে দেখা যাবে দক্ষিণি তারকা বিজয়ের ক্যামিও? অবশ্য আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তারকাদের কেউ।
বিজয়কে আগেও দেখা গিয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারের রাউডি রাঠোর সিনেমায়। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। যদি সত্যিই শাহরুখের সিনেমায় বিজয়ের ক্যামিও থাকে, সেটা কি ‘রাউডি রাঠোর’-এর মতো হবে, নাকি আরো বড় কোনো পরিকল্পনা রয়েছে পরিচালক অ্যাটলির মস্তিষ্কে?
২০২৩ সালে আসছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’। এর মধ্য দিয়ে চার বছর পর তাকে দেখা যাবে রুপালি পর্দায়। পাশাপাশি মুক্তির প্রহর গুনছে সিদ্ধার্থ আনন্দের পাঠান ও রাজকুমার হিরানির ডাঙ্কি। ফলে ২০২৩ সালে বেশ চমক অপেক্ষা করছে শাহরুখ ভক্তদের জন্য। জওয়ান মুক্তি পাবে আগামী ২ জুন। টিজারে দেখা গিয়েছে ভিন্ন এক শাহরুখকে। মুখের অর্ধেক অংশ ব্যান্ডেজে ঢাকা ফার্স্ট লুক, যেন ভরপুর অ্যাকশনের ইশারা। খলনায়কের চরিত্রে থাকবেন বিজয় সেতুপতি এবং নায়িকা চরিত্রে থাকবেন নয়নতারা। এরই মধ্যে সফলতার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বর্তমানে জওয়ানের শুটিং নিয়েই চেন্নাইয়ে অবস্থান করছেন শাহরুখ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










