একাত্তরের রক্তস্নাত ২৫ মার্চের ঘটনাকে কেন্দ্র করে লামিসা শিরীন হোসাইনের ‘‌লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে জনপ্রিয় নাট্যদল পদাতিক নাট্য সংসদের ৩৮তম প্রযোজনা ‘কালরাত্রি’। ড. তানভীর আহমেদ সিডনীর নাট্যরূপে নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম এবং নির্দেশনা উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা কালরাত্রির ৫১তম মঞ্চায়ন। কালরাত্রির আঙ্গিক অভিনয় ও মঞ্চ নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে, পোশাক ও কোরিওগ্রাফি করেছেন সৈয়দা শামছি আরা, অডিও ভিজুয়ালের দায়িত্বে ছিলেন হামিদুর রহমান পাপ্পু।

এ নাটকের কাহিনীতে তুলে ধরা হয়েছে রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের কথা। স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। জগন্নাথ হল ও তার আশপাশের এলাকায় ২৫ মার্চ কালরাত্রিতে যে গণহত্যা হয়েছিল তারই ভয়াল চিত্র উঠে এসেছে এ নাটকে। ১৯৭১ সালে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। অসহযোগ আন্দোলনের পর্ব থেকে তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন ছাত্র জানায় সেই রাতের বিশ্ববিদ্যালয়ের ভয়াল চিত্র। তার সঙ্গে ছিলেন একজন শিক্ষক। সবাই এসে দাঁড়ায় এক স্থানে। মুক্তিযোদ্ধা ও তার পথপ্রদর্শকের চোখে যে বাংলাদেশ বেঁচে ছিল, এর কথাই বলা হয়েছে কালরাত্রি নাটকের মধ্য দিয়ে।

এতে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, পাপিয়া, ইমরান খান, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, চমক তারা, সালমান শুভ, এসএম লিমন, ওয়াহিদ জিতু, ফরহাদ সুমনসহ আরো অনেকে।