মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে গাইবেন রুনা লায়লা। তবে ২৬ মার্চ নয়, আয়োজনটি হবে ২৭ মার্চ। ‘বাংলাদেশ শিশু একাডেমি’ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এ অনুষ্ঠানেই সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে একটি গানে কণ্ঠ মেলাবে শত শিশু। গানটির শিরোনাম ‘বাংলাদেশ বাংলাদেশ’। লিখেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য ছড়াকার, শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। গানটির সুর সংগীত করেছেন আশরাফ বাবু। 

২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে গুণী সুরকার, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় গানের গীতিকার, সুরকার, বিশিষ্ট মিউজিশিয়ান সাদেক আলী ও শিশু একাডেমির মিউজিক ইনস্ট্রাকটর হাফিজা শারমিন সুমী। গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সবসময় তাদের অনুপ্রেরণা দিতে চাই। তারা বড় হয়ে যে যা হতে চায়, যেন তাই হতে পারে। আর যদি কেউ বড় হয়ে গায়ক-গায়িকা হতে চায়, তবে তাদের বলব ওস্তাদের কাছে গান ভালোভাবে শিখতে হবে। নিয়মিত গান চর্চা করে যেতে হবে।’

আসন্ন গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশ শিরোনামে আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা যে গান গাইলাম, দেশাত্মবোধক এ ধরনের গান এর আগে আমার গাওয়া হয়নি। গানটির কথা ও সুর খুব চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে আমি শত শিশুর সঙ্গে গাইব, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালো লাগার। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমির প্রতি।’ 

আনজীর লিটন বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা আপা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য গান করেছেন, তাও আবার আমার লেখা গান করেছেন। এটা যে আমার জন্য কত বড় প্রাপ্তি, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ 

এদিকে কিছুদিন আগে রুনা লায়লা বাংলাদেশ বেতারের জন্যও একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। গানটি লিখেছেন সুমন সরদার, সুর করেছেন সাদেক আলী।