রণবীর সিং কিছুদিন পর পরই তার নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে আলোড়ন তোলেন। বলিউডে এ মুহূর্তে অভিনেতাদের মধ্যে ফ্যাশন দুনিয়ায় রণবীর সিংকেই সবচেয়ে আলোচিত নাম ধরা হয়। এবার তিনি হাজির হয়েছেন গুচির ট্র্যাকসুটে। শনিবার ইনস্টাগ্রামে তার এ নতুন স্টাইলে ছবি দেয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা।

গুচি ব্র্যান্ডের সঙ্গে রণবীর সিং এখন ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। কিছুদিন আগেই গুচির নীল রঙের ট্র্যাকস্যুট, গহনা আর পার্স নিয়ে তার অদ্ভুত দর্শন ছবি ইন্টারনেটে ঝড় তুলেছিল। ইতালির বিখ্যাত ব্র্যান্ড গুচির ট্র্যাকসুট রণবীরের খুব মনে ধরেছে। তাই আবার তিনি হাজির হয়েছেন এ পোশাকে। জার্সি জিপ জ্যাকেট আর জগিং প্যান্ট গায়ে চড়িয়ে নিজের নতুন গুচি লুক প্রকাশ করেছেন রণবীর। তার এ নতুন রেট্রো ফ্যাশন সমালোচকদের প্রশংসা পেয়েছে, সবাই তার আত্মবিশ্বাসের তারিফ করছেন।

নতুন ছবিতে সিম্বা অভিনেতাকে দেখা গেছে গুচির সবুজ ও গাঢ় নীল জার্সি জ্যাকেটে আর এতে জালের মতো কাজ এনেছে রেট্রো লুক। হাতায় আছে গোলাপি, নীলের রিবন। ইতালিতে তৈরি এ ট্র্যাকসুটে আছে গুচির সিগনেচার বৈশিষ্ট্য। জার্সির সঙ্গে আছে সবুজ ও গাঢ় নীল রঙের জগিং প্যান্ট।

অবশ্য শুধু ট্র্যাকসুটেই শেষ হয়নি রণবীরের নতুন লুক। সঙ্গে পরেছেন গুচির হেয়ারব্যান্ড, সাদা ফ্রেমের সানগ্লাস, গলায় মুক্তার মালা আর হাতে ছিল ঘড়ি।

এতসব কথার পর প্রশ্ন উঠতেই পারে রণবীরের নতুন গুচি ট্র্যাকসুটের দাম কত? জার্সি জ্যাকেটটির দাম ২ হাজার ১০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১ লাখ ৫৬ হাজার রুপি। আর জগিং প্যান্টটির দাম প্রায় ১ হাজার ৫০০ ডলার (১ লাখ ১৫ হাজার রুপি)। সব মিলিয়ে রণবীর সিংয়ের ট্র্যাকসুটটির দাম ২ লাখ ৭০ হাজার রুপি।

রণবীর তার এ নতুন ট্র্যাকসুট লুকের ছবি পোস্ট করার পর শুধু ভক্তরাই নন, অনেক তারকা সহকর্মীও প্রশংসা করেছেন। এদের মধ্যে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অঙ্গদ বেদি, জয়া আখতার, টাইগার শ্রফ প্রমুখ।

 

সূত্র: ইন্ডিয়া টুডে