হলিউডের অনেক বড় তারকাই একসময় প্রযোজনায় যুক্ত হয়েছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন রবার্ট প্যাটিনসন। সম্প্রতি তিনি ওয়ার্নার ব্রসের সঙ্গে একটি চুক্তিও করেছেন।

রবার্ট প্যাটিনসন বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। সামনের বছর ব্যাটম্যান চরিত্রে হাজির হবেন এ অভিনেতা। টেনেটের এ তারকা এবার প্রযোজনায় যুক্ত হলেন। এ বিষয়ে তিনি ওয়ার্নার ব্রসের সব বিভাগের সঙ্গেই চুক্তি করেছেন, যার মধ্যে আছে ওয়ার্নার ব্রস পিকচারস, ওয়ার্নার ব্রস টেলিভিশন, নিউ লাইন সিনেমা ও এইচবিও ম্যাক্স।

চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে প্যাটিনসন বলেছেন, ‘ওয়ার্নার ব্রস পিকচারস ও এইচবিও সবসময়ই অসাধারণ সব সিনেমার সঙ্গে সমার্থক নাম। তাদের সঙ্গে কাজ করার কথা ভেবে আমি রোমাঞ্চ অনুভব করছি। এর মাধ্যমে আমরা প্রতিভাবান নতুন শিল্পীদের চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়ে আসার চেষ্টা করব। অনেক বছর ধরেই আমি এ স্টুডিওর সঙ্গে কাজ করছি। তাদের পেশাদারিত্ব, সৃষ্টিশীলভাবে কাজ করার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।’ অন্যদিকে ওয়ার্নার ব্রস পিকচারসের প্রডাকশন ও ডেভেলপমেন্টের প্রসিডেন্ট এবং নিউ লাইন সিনেমার প্রেসিডেন্ট রিচার্ড ব্রেনার প্যাটিনসনের সঙ্গে চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন সৃষ্টিশীল পরিচালকদের খুঁজতে তারা প্যাটিনসনের চোখের ওপর ভরসা করতে চান।

 

সূত্র: পিংকভিলা