দর্শকদের নতুন চমক দিলেন ‘পরাণ’ সিনেমার নির্মাতা রায়হান রাফী। গতকাল নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এ নির্মাতা। তার নতুন সিনেমায় দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিজেই জানিয়েছেন রায়হান রাফী। এ নিয়ে এ নির্মাতা জানিয়েছেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্ত ও আমার ভক্তদের অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার ও আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশী সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফীর কোলাবোরেশন আসছে শিগগিরই।’
এ নির্মাতা আরো জানিয়েছেন, ‘দামালের পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এসকে ফিল্মসের সঙ্গে। আমার এ সিনেমার প্রযোজক হিসেবে আছেন ওটপি খান ও মনিরুজ্জামান। এ সিনেমার নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল। দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম এ প্রোজেক্ট আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।’ কেবল সিনেমার নায়িকা নয় সিনেমার নাম নিয়েই চমক রাখতে চাইছেন এ নির্মাতা। তাই এখনই সিনেমার নাম ঘোষণা করেননি রায়হান রাফী।
অন্যদিকে নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শাকিব খান একটি ছবি পোস্ট করেছেন। শাকিব খান ক্যাপশনে লিখেছেন, আসছে নতুন কাজ। চলতি বছরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন পূজা চেরি। দামাল মুক্তির পর নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করবেন রায়হান রাফী। ২০২৩ সালের রোজা কিংবা কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান আর শাকিবের আসন্ন সিনেমাটি।










