মে মাসেই সোয়া ৩ কোটি রুপি দিয়ে রণবীর সিং ল্যাম্বরগিনি পার্ল ক্যাপসুল ডিজাইন এডিশন কিনেছিলেন। দামি গাড়ির নেশা যেন তাকে ছাড়ে না। তাই এক মাস যেতে না যেতেই ৬ জুলাই নিজের জন্মদিনে কিনেছেন নতুন এসইউভি। জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন মার্সিডিজ-বেঞ্জ মেইবাহ জিএলএস ৬০০। মার্সিডিজের বিলাসবহুল এ ডিজাইন সম্প্রতি ভারতের বাজারে এসেছে। ভারতে গাড়িটির দাম আড়াই কোটি রুপি। অবশ্য মজার ব্যাপার খবরটি রণবীর সিং নিজে জানাননি; বরং ভারতে মার্সিডিজ-বেঞ্জ ব্র্যান্ডের ডিলার অটো হ্যাঙ্গার তাদের ইনস্টাগ্রাম পেজে লিখেছে, ‘আমরা বলিউডের সদা উচ্ছ্বল তরুণ রণবীর সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। নতুন মার্সিডিজ-বেঞ্জ মেইবাহ জিএলএস ৬০০ সংগ্রহের জন্যও তাকে অভিনন্দন জানাই।’

রণবীরের এ নতুন গাড়ির রঙ ক্যাভানসাইট নীল। বিলাসবহুল এ গাড়ির ভেতরে আছে কাঠ আর চমড়ার ফিটিংস। ছাদ খোলা যায়। আছে আরো অনেক আধুনিক সুবিধা। 

মার্সিডিজ-বেঞ্জ মেইবাহ ও ল্যাম্বরগিনি ছাড়াও রণবীরের গ্যারেজে আছে একাধিক বিলাসবহুল গাড়ি—অ্যাস্টন মার্টিন র্যাপিডে এস, ল্যান্ড রোভার ভোগ। ২০২১-এর ডিসেম্বরের পর মার্সিডিজ-বেঞ্জ মেইবাহ জিএলএস ৬০০ গাড়িটি আর বাজারে পাওয়া যাবে না। লিমিটেড এডিশনের গাড়িটি ৫০০টি তৈরি করেছে মার্সিডিজ। আর তারই একটির মালিক এখন বলিউডের ‘গালি বয়’ রণবীর সিং।

 

সূত্র: ডিএনএ