হলিউড অভিনেত্রী গাল গাদত। অভিনয় করেছেন ‘ওয়ান্ডার ওইম্যান’-এর মতো জনপ্রিয় চরিত্রে। এছাড়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায়ও তার অভিনয় ও চরিত্র প্রশংসিত। তবে অভিনয় বাদেও গাল গাদতের আরেকটি পরিচয় মাঝে মাঝেই সামনে চলে আসে। তিনি ইসরায়েলি। স্বাভাবিকভাবেই ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রমণ, গণহত্যা ও ক্রমাগত চালানো অত্যাচার নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। গাল গাদত এ রকম প্রশ্নের উত্তরে জানান, তিনি কেবলই একজন অভিনেত্রী।
এ সপ্তাহে মুক্তি পেয়েছে গাল গাদত অভিনীত স্নো হোয়াইট। সিনেমায় তিনি অভিনয় করেছেন ইভিল কুইনের চরিত্রে আর কাছাকাছি সময় ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ করেছে গাজায়। তখনই দুই দশক পর হলিউড ওয়াক অব ফেমে গেলেন গাদত। রাজনীতির বিষয় একদম এড়িয়ে গেছেন বললেই চলে।
তিনি অন্য প্রসঙ্গ তুলে বলেন, ‘এখানে আমি প্রথম এসেছিলাম মাত্র ২৩ বছর বয়সে। মাদাম তুসোতে দেখেছিলাম হলিউড তারকাদের মূর্তি। তাদের সুপারহিরো মনে হয়েছিল। গত ১৮ মার্চ ওয়াক অব ফেম থেকে সম্মানিত হলেন গাদত। এর মধ্য দিয়ে তাকে ও তার চরিত্রকে অমর করে রাখা হলো। এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো বুঝতে পারছি না, এটা সত্য নাকি আমার কল্পনা।’
এসব প্রসঙ্গ তুলেই ভ্যারাইটি গাল গাদতের পুরনো কিছু কথা তুলে এনেছে। ২০২৩ সালে তাকে প্রশ্ন করা হয়েছিল ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ প্রসঙ্গে। তিনি বলেছিলেন, ‘আমি কিছু বললে বা না বললে কী আসে যায়। আমি কেবলই একজন অভিনেত্রী, রাজনীতিবিদ নই। রাজনীতি প্রসঙ্গে আমার কথার কোনো গুরুত্ব নেই।’
সূত্র: ভ্যারাইটি










