প্রকাশ ঝা রাজনৈতিক সিনেমা তৈরির জন্য বিখ্যাত। বেশকিছু সময়োপযোগী সিনেমা তিনি নির্মাণ করেছেন। রাজনীতি, আরক্ষণ, সত্যাগ্রহ, চক্রব্যূহর মতো সিনেমার জন্য তিনি বিখ্যাত। প্রতিটি সিনেমায়ই বলিউডের প্রথম সারির অভিনেতারা ছিলেন। এর আগে তার পরিচালিত ‘গঙ্গাজল’ সিনেমাটি দিয়ে দর্শকের মধ্যে তিনি সাড়া ফেলেন। ছোট শহরের ক্ষমতাসীনদের ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাস নিয়ে ছিল এ সিনেমার গল্প। তার বেশির ভাগ সিনেমায় অজয় দেবগণ ছিলেন প্রধান চরিত্রে। আরক্ষণে ছিলেন অমিতাভ বচ্চন, সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন। রাজনীতিতে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, নানা পাটেকর। কিন্তু এ সময়ে এসে প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করা ছেড়ে দিয়েছেন প্রকাশ ঝা। এ নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন ইন্ডিয়া টুডের সঙ্গে।
সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং ও রণবীর কাপুরের মতো অভিনেতারা অনেক ব্যস্ত থাকেন। পরিচালকের শিডিউল মতো তাদের পাওয়া যায় না। তবে তিনি তাদের প্রস্তাবও করেননি। সময় নিয়ে সিনেমা তৈরি করতে চান তিনি । প্রকাশ ঝা বলেন, ‘আমার শিডিউল মেলাতে সমস্যা হচ্ছে। এখন প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করা হচ্ছে না। তারাও আমার সঙ্গে কাজ করতে চান না। ৩০ দিনে একটা সিনেমা শেষ করতে চাই না আমি। কিন্তু অভিনেতা চান অন্য কোনো সিনেমার কাজ শুরু করতে। আমি আমার মতো করে সিনেমার কাজটা করতে চাই। অনেকেই জটিল স্ক্রিপ্টে কাজ করতে চান না। এমন না যে কখনো করতে পারব না, তবে এখন কঠিন সময় যাচ্ছে।’
এর মধ্যে তিনি অক্ষয় কুমারকে পরোক্ষভাবে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন একজন অভিনেতার কতখানি নিজেকে প্রকাশ করা দরকার? মুক্তি পাওয়া তিনটি সিনেমার একটিতে দেখা যায় এমন ইঙ্গিত করে প্রকাশ ঝা বলেন, ‘তিনি একটি চরিত্রে নিজেকে তৈরি করার জন্যও পর্যাপ্ত সময় দেন না। প্রতিভাবান নিজের রূপেই আসেন। কতদিন আর এভাবে তার অভিনয় দেখবে দর্শক?’
প্রকাশ ঝা মূলত এ সময়ে ব্যস্ত অভিনেতাদের কাজের অতিরিক্ত সংখ্যার প্রতি কটাক্ষ করেছেন। গল্পনির্ভর সিনেমা হচ্ছে না এ কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। প্রকাশ ঝা সে বিষয়টিই নিজের মতো করে বলেছেন। আর সিনেমা নিজের মতো করতে না পারার কারণেই তিনি সিরিজে মনোযোগ দিয়েছেন। তার পরিচালিত আশ্রম সিরিজটি কয়েক বছরে বহুল চর্চিত হয়েছে। মুক্তি পেয়েছে এর তিনটি সিজন। তবে প্রকাশ ঝাকে বড় পর্দায় দেখতে চান দর্শক।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










