জিমি বাফেট কাজ করছিলেন একটি অ্যালবাম নিয়ে। কিন্তু মুক্তির আগেই চলে গেলেন তিনি। ১ সেপ্টেম্বর মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ শিল্পী। কিন্তু জিমির মুক্তি না পাওয়া সে অ্যালবাম হারিয়ে যাচ্ছে না। এটি দ্রুতই মুক্তি পাবে। আরো স্পষ্ট করে বললে, অ্যালবামটি মুক্তি পাবে এ গ্রীষ্মে। ঘোষণা করা হয়েছে আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে ১৪টি গানের এ অ্যালবাম। অ্যালবামের নাম ‘‌ইকুয়াল স্ট্রেইন অন অল পার্টস’। সান লেভেলের ব্যানারে প্রকাশ হবে বাফেটের শেষ অ্যালবাম। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হবেন পল ম্যাককার্টনি, এমিল্যু হ্যারিস, অ্যাঞ্জেলিক কিজো ও প্রিজারভেশন হল জ্যাজ ব্যান্ড।

বাফেটের এ অ্যালবামকে সামনে রেখে শুক্রবার তিনটি গান মুক্তি দেয়া হয়েছে। এগুলো হলো—লাইক মাই ডগ, বাবলস আপ ও মাই গামি জাস্ট কিকড ইন। শেষ গানটির বেজ গিটারে ছিলেন পল ম্যাককার্টনি। তাই জিমি বাফেটের শেষ অ্যালবামটি নিয়ে আলাদা উচ্ছ্বাস আছে ম্যাককার্টনির মধ্যে। বাফেটের মৃত্যুর পর পল ম্যাককার্টনি এ নিয়ে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি বলেন, ‘‌বাফেটের শেষ গানগুলোর একটায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের শিরোনাম মাই গামি জাস্ট কিকড ইন। আমাদের খুব সুন্দর সময় কেটেছে। সে তার একটা নতুন গানও আমাকে শুনিয়েছে।’

জিমি বাফেটের নতুন অ্যালবামে গান থাকছে মোট ১৪টি। তিনি এ বছরের শুরু থেকেই অ্যালবাম নিয়ে স্টুডিওতে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ক্যান্সার জটিল আকার ধারণ করে। খুব অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত গান নিয়েই কাজ করছিলেন জিমি। কয়েক বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। একটি গানে ম্যাককার্টনি বাজালেও তিনি জিমির কাছের মানুষ হয়ে উঠেছিলেন। তিনি বলেন, ‘‌একটা গান আমার বিশেষ ভালো লেগেছিল। গানের শিরোনাম ‘‌বাবলস আপ’। আমি তাকে বলেছিলাম যে কেবল গানই নয়, গানে তার কণ্ঠও অন্যগুলোর তুলনায় সেরা মনে হয়েছে আমার।’

অ্যালবামের গানগুলো হলো—ইউনিভার্সিটি অব বারবান স্ট্রিট, বাবলস আপ, অডিয়েন্স অব ওয়ান, মাই গামি জাস্ট কিকড ইন, ক্লোজ কলস, ইকুয়াল স্ট্রেইন অন অল পার্টস, লাইক মাই ডগ, টি পাঞ্চ ক্যাফে, পর্তুগাল অন পিইআই, নোবডি ওয়ার্কস অন ফ্রাইডে, ফিশ পর্ন, জনি’স রাম, কলম্বাস ও মোজাম্বিক। সান রেকর্ডসের পক্ষ থেকে এ অ্যালবাম নিয়ে বলা হয়েছে, ‘‌বাফেটের মতো শিল্পীর অ্যালবাম প্রকাশ সান রেকর্ডসের জন্য একটি বিশেষ ব্যাপার।’

সূত্র: ভ্যারাইটি