টাইগার জিন্দা হ্যায়খ্যাত পরিচালক আলী আব্বাস জাফরের নতুন ছবিতে দেখা যাবে শহিদ কাপুরকে। আবুধাবিতে এ ছবির শুটিংও শুরু হয়েছে। ছবিতে শহিদের বিপরীতে থাকছেন অভিনেত্রী অ্যামি এলা। আবুধাবিতে শুটিং ইউনিটের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন এ অভিনেত্রী।
আলী আব্বাস জাফরের এ ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি ফরাসি সিনেমা ন্যু ব্লাঁশের হিন্দি রিমেক হবে। ছবির মূল চরিত্রে দেখা যাবে শহিদকে। তার ছেলেকে অপহরণ করে এক গ্যাংস্টার। এর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন শহিদ কাপুর। প্রথম দিনের শুটিং শেষে শহিদ টুইট করেছেন, ‘প্রথম দিন—অপরাধ, রক্তারক্তি অ্যাকশন।’
অন্যদিকে আলী আব্বাস জাফর লিখেছেন, ‘কাজ শুরু। শহিদ কাপুর বন্দুক আর গ্যাংবাজির পাগলামির জন্য একদম মুখিয়ে আছে।’
শুধু শহিদ কাপুর নন, অজয় দেবগনের সঙ্গেও কাজ করবেন অ্যামি এলা। অজয়ের ‘মে ডে’
ছবিতে দেখা যাবে এলাকে। ছবিটি মুক্তি পাবে ২০২২-এ। রণবীর কাপুরের একটি গানে ক্যামিও উপস্থিতি থাকছে এলার।
ওয়েব দুনিয়ায়ও কাজ শুরু করেছেন অ্যামি এলা। কিংমেকার শিরোনামের একটি কাজে তিনি অভিনয় করছেন আশুতোষ রানার বিপরীতে।
সূত্র: ফিল্মফেয়ার










