কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ছোট গল্প ‘মরার আকাল’
অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’। করোনাকালের জীবন নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবীর।
নতুন এ কাজ প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘করোনাকালে সারা বিশ্বের মানুষ তাদের জীবনকে নতুন সাধারণ নিয়মে অভ্যস্ত করেছে এবং এ সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আর এ চলচ্চিত্রে সে বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে।’
অভিনেতা সাঞ্জু জন বলেন, ‘অন্য রকম সময়ের অন্য রকম একটি গল্পে কাজ করলাম।’
অন্যদিকে অভিনেত্রী বিপাশা কবীর বলেন, ‘কভিড সময়ের অন্য রকম জার্নির দেখা মিলবে এ গল্পে।’
রাহুল সরকারের চিত্রগ্রহণে স্বল্পদৈর্ঘ্যটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আশিক সরকার, বাদল শহীদ, আনোয়ার ও সোহাগ বিশ্বাস। শিগগিরই অনলাইন প্লাটফর্মে কাজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সোহেল রানা বয়াতি।










