৫৬ বছর বয়সী ভারতীয় শিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গীত ভুবনে পথচলা শুরু আশির দশকে। গুণী এ শিল্পী মূলত জনপ্রিয়তা পান নব্বই দশকে। দীর্ঘ ক্যারিয়ারে অলকা ইয়াগনিকের ঝুলিতে পুরস্কার আর সম্মাননা কম যায়নি। এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লেখালেন তিনি। ২০২২ সালে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে অলকা ইয়াগনিকের গাওয়া গান সর্বোচ্চবার শোনা হয়েছে। গতবছর তার গান স্ট্রিমিং হয়েছে ১ হাজার ৫৩০ কোটি বার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সাংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, গেল বছর ইউটিউবে অলকা ইয়াগনিকের গান ১ হাজার ৫৩০ কোটি বার বেজেছে! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪ কোটি ২০ লাখ বার বেজেছে তার গান। এর ফলে গেলো বছরের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাবটি দেয়া হয়েছে অলকাকে। তবে অবাক করা বিষয় হলো, গত তিন বছর ধরেই এ রেকর্ড নিজের করে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২১ সালে সেটা ছিলো ১ হাজার ৭০০ কোটি। ২০২০ সালে তার গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে অলকা ইয়াগনিক সম্পর্কে বলা হয়েছে, ‘কুইন অব প্লেব্যাক সিংগিং’ খ্যাত এ শিল্পী বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ। তিনি ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন এবং তার ক্যারিয়ার চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত।
২০২২ সালের পরিসংখ্যানে অলকা ইয়াগনিকের পরের অবস্থানে রয়েছেন পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানি। তার গান স্ট্রিম হয়েছে ১ হাজার ৪৭০ কোটি বার। সেরা পাঁচের বাকি তিনজনও ভারতের। তারা হলেন উদিত নারায়ণ (১ হাজার ৮০ কোটি), অরিজিৎ সিং (১ হাজার ৭০ কোটি) ও কুমার শানু (৯০৯ কোটি)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।










