বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি সপ্তাহেই নতুন নাটক নিয়ে আসছে দর্শকের জন্য। সে ধারাবাহিকতায় আজ প্রচার হবে একক নাটক ‘জুলেখা বেগম’। আজ রাত ৯টায় নাটকটি প্রচার হবে বিটিভির পর্দায়। আফসানা বেগমের মূল গল্পে এটি নাট্যরূপ দিয়েছেন শ্যামল শিশির। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নাকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর।
নির্মাতা শ্যামল শিশির নাটকটি নিয়ে বলেন, ‘শুটিং থেকেই আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করেছি, যাতে গল্পটা উঠে আসে। আর নাটকটি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন গুণী ডলি জহুর তার অভিনয় দিয়ে। ডলি জহুরের অভিনয়ে দর্শক সবসময় মুগ্ধ হয়। অন্যরাও খুব ভালো কাজ করেছেন। আশা করছি, এ নাটক সবার ভালো লাগবে।’ ডলি জহুর বাংলাদেশের অন্যতম একজন অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। সত্তরের দশক থেকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করছেন এ অভিনেত্রী। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সম্প্রতি আজীবন সম্মাননা পেয়েছেন ডলি জহুর।
নাটকটির গল্প প্রসঙ্গে শ্যামল শিশির জানান, এ নাটকের গল্পটা এগিয়েছে ষাটোর্ধ্ব জুলেখা বেগমকে কেন্দ্র করে। বস্তির প্রান্তে দুই কক্ষের স্যাঁতসেঁতে বাড়িটাই যার একমাত্র সম্বল। যে বাড়ির খসে পড়া পলেস্তারা, ক্ষত-বিক্ষত দেয়াল, ভাঙা আয়নায় দেখা যায় জুলেখা বেগমের জীবন বাস্তবতা। জুলেখা বেগম তরুণ বয়সে চলচ্চিত্রাঙ্গনে অভিনয় করতেন। সে সময় তার কাজের অভাব ছিল না। কিন্তু বয়সের সঙ্গে কাজ কমতে কমতে শূন্যে গিয়ে ঠেকেছে। তাই ষাটোর্ধ্ব বয়সে তার দিন কাটে অনিশ্চয়তায়। মাঝেমধ্যে দু-একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে। এসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান, তা দিয়েই টেনেটুনে চলে তার সংসার। চরম হতাশার মধ্য দিয়ে সময় কাটে। তার জীবনে শেষ পর্যন্ত কী হলো, সেটা জানতে হলে আজ নাটকটি দেখতে হবে।
বিটিভির ‘জুলেখা বেগম’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রমিজ রাজু, দোলন দে, আশরাফ কবির, নূর আলম নয়ন।










