মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’। এ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কুবের আর কপিলা। এবার ছোট পর্দায় দেখা যাবে এ দুই চরিত্রকে। ‘এমন যদি হতো’
নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে কপিলার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে। অন্যদিকে কুবের বেশে থাকছেন মিশু সাব্বির। মাছরাঙা টেলিভিশনের জন্য ধারাবাহিক নাটকটি নির্মাণ হচ্ছে।
রাজিবুল ইসলাম রাজিব রচিত ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রডাকশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসীর। এটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এ নিয়ে সাজু মুনতাসীর বলেন, সম্পূর্ণ ভিন্ন আমেজের নতুন আইডিয়ার একটি কাজ এমন যদি হতো। আমরা চেষ্টা করেছি, সময়ের সেরা পরিচালকদের দিয়ে সেরা এবং জনপ্রিয়শিল্পীদের অভিনয় সমৃদ্ধ সিরিজ তৈরি করতে। আশা করছি, দর্শক খুব উপভোগ করবে।
এ ধারাবাহিক ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা যাবে একঝাঁক তারকাকে। যার মধ্যে আলাদীনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষী আলম। দেবদাস চরিত্রে দেখা যাবে জোভানকে। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে।










