মুক্তির অপেক্ষায় নির্মাতা রশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। রোজার ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে একটি যৌনপল্লীর বাসিন্দাদের লড়াই, সংগ্রাম ও টিকে থাকার বাস্তবতার আভাস পাওয়া যায়।

রঙবাজার নির্মাণ হয়েছে নারায়ণগঞ্জের টানবাজারকে কেন্দ্র করে। এটি এক সময়ের প্রায় ৪০০ বছরের পুরনো যৌনপল্লী। নির্মাতার মতে, টানবাজার উচ্ছেদের পরিকল্পনা ও উচ্ছেদ-পরবর্তী সময়ে যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটিই সিনেমার মূল গল্প। সিনেমায় রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশকিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে।

25

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জকে তথাকথিত পাপমুক্ত করার নামে টানবাজার ভেঙে দেয়া হয়েছিল। কিন্তু সে প্রক্রিয়ায় সমাজে আরো গভীর ও জটিল সংকট ছড়িয়ে পড়ে। সে বাস্তবতা ও এর পেছনের অজানা দিকগুলোই সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ আরো অনেক পরিচিত অভিনয়শিল্পী।

সিনেমার শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়। লাইভ টেকনোলজি প্রযোজিত এ সিনেমায় থাকছে তিনটি গান। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়। তখনই নির্মাতা জানান, রোজার ঈদকে কেন্দ্র করেই রঙবাজার মুক্তির পরিকল্পনা নেয়া হচ্ছে।