নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের দর্শকদের চাপের কারণে দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট প্রোভাইডারদের ওপর চাপ সৃষ্টি হয়। ফলে মামলার সম্মুখীন হয় নেটফ্লিক্স। সেই বিতর্ক শেষ হতে না হতেই দক্ষিণ কোরিয়ায় মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়াল বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্লাটফর্মটি। বৃহস্পতিবার সর্বশেষ সাবস্ক্রিপশন প্ল্যান নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেছে নেটফ্লিক্স।
এতে মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়ানোয় দক্ষিণ কোরিয়ায় নেটফ্লিক্সের প্রিমিয়াম প্ল্যান এক লাফে বেড়েছে ১৭ হাজার ওন বা ১৪ মর্কিন ডলার। এটি ১৪ হাজার ৫০০ ওন থেকে ১৭ দশমিক ২ শতাংশ বেড়েছে।
স্ট্যান্ডার্ড প্ল্যান পৌঁছেছে ১৩ হাজার ৫০০ ওনে। এটি ১২ হাজার ওন থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে বেসিক প্ল্যান ৯ হাজার ৫০০ ওনে অপরিবর্তিত রয়েছে।
২০১৬ সালে দক্ষিণ কোরিয়ায় স্ট্রিমিং সেবা চালু করে নেটফ্লিক্স। সম্প্রতি দেশটির সরকার নেটওয়ার্ক ব্যবহারের মূল্য বাড়ালে নেটফ্লিক্স বর্ধিত মূল্য পরিশোধের অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়ে।
দক্ষিণ কোরিয়ায় মোট নেটওয়ার্ক ট্রাফিক চলতি বছরের শেষে ৮৯ লাখ টেরাবাইট (টিবি) পর্যন্ত বাড়বে বলে ধারণা করছে দেশটি। সাম্প্রতিক প্রজন্মের নেটওয়ার্কগুলো আপগ্রেড এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে সাম্প্রতিক বছরগুলোয় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার টেলিকম অপারেটররা। তবে নেটফ্লিক্স এবং অন্যান্য বিশাল ট্রাফিক জেনারেটরগুলো তাদের নেটওয়ার্ক বিনামূল্যে সেবা প্রদান করায় দূরে সরে গেছে।
সূত্র: ইয়োনহাপ নিউজ এজেন্সি










