পাভেল ইসলাম অভিনেতা হিসেবেই পরিচিত। তবে নতুন পরিচয়ে সামনে এলেন তিনি। নির্দেশনা দিয়েছেন একটি নাটকের। বড়দিন উপলক্ষে গতকাল এনটিভিতে প্রচার হলো একক নাটক ‘ফেরা’। এ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হলো পাভেলের। নির্দেশনার পাশাপাশি এ নাটকের রচয়িতাও তিনি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম নাট্য পরিচালনায় এলেন পাভেল। নাটকটিতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, ইন্দ্রানী নিশি, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, পাভেল ইসলাম, ফাহমিদা শারমিন ফাহমি, মনিরুল ইসলাম প্রমুখ।

নাটক পরিচালনা নিয়ে পাভেল বলেন, ‘যদিও পরিচালনায় আসার ইচ্ছা কখনই ছিল না। কিন্তু নিজের লেখা নাটক অন্য কেউ নির্মাণ করলে সবসময় সেটা মনের মতো হয় না। তখন এক ধরনের যন্ত্রণা কাজ করে। সে যন্ত্রণা থেকেই আমি একটি পরিকল্পনা করি, যার নাম দিই নাট্যকার নির্দেশিত নাটক।’

এ পরিকল্পনার অধীনে তিনটি নাটক নির্মাণ করেছেন পাভেল। টিম নিয়ে শ্রীমঙ্গলে গিয়ে একে একে নির্মাণ করেন ‘ফেরা’, ‘দৈব প্রেম’ ও ‘হারিয়ে পাওয়া’ শিরোনামের তিনটি নাটক। ফেরা ও হারিয়ে পাওয়া নাটক দুটি এনটিভিতে আর দৈব প্রেম নাটকটি একটি অনলাইন প্লাটফর্মে রিলিজ হবে বলে জানান পাভেল।

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার অনুভূতি জানাতে গিয়ে পাভেল ইসলাম বলেন, ‘পরিচালনা একটি কষ্টসাধ্য বিষয়। এতদিন সেটে গিয়ে শুধু অভিনয় করে চলে এসেছি। কিন্তু পরিচালক হিসেবে দায়বদ্ধতা, দায়িত্ববোধ, শ্রমটা বেশি দিতে হয়। শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গল্পগুলো ভেবেছি। গতানুগতিক হাসি ঠাট্টা বা স্থুল কোনো ভাবনার গল্প না এসব। সুস্থ ধারার, শিল্পবোধ সম্পন্ন, সামাজিক গল্প উপহার দিতে চেয়েছি দর্শককে। আর পরিচালনার মধ্য দিয়ে সে গল্পের ছবি আঁকতে চেষ্টা করেছি। সামাজিক মূল্যবোধ, পরিবার ও ব্যক্তির টানাপড়েনের গল্প উঠে এসেছে এ গল্পগুলোয়।’

অভিনয়ের পাশাপাশি পাভেল ইসলাম নিয়মিত লেখালেখি করে থাকেন। তার রচনায় এরই মধ্যে ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’, ‘কেউ তো জানে’, ‘প্রেম বলে কিছু নেই’ নাটকগুলো প্রচার হয়েছে।