নিউইয়র্কে আয়োজিত হলো ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ২১ এপ্রিল শেষ হয়েছে উৎসব। এতে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ফেরদৌস আহমেদ। দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন উৎসবের শুভেচ্ছাদূত। একই উৎসবে সম্মানিত অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। উৎসবেই দেখা হয়েছিল এ তিন অভিনয়শিল্পী ও বন্ধুর। সর্বশেষ তিন বন্ধু ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণা একসঙ্গে হয়েছিলেন ২০১৭ সালে। সে সময় নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র শুটিং চলছিল। এরপর আর একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠেনি তাদের। 

সুচিত্রা সেন উৎসবের শেষদিনে তিনজনের দেখা হলো। উৎসব আয়োজন নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘সাকী, শাওন, শাহনেওয়াজের উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। প্রথমবার হিসেবে তারা শতভাগ সফলই বলব। দুই দিনব্যাপী এ উৎসবে অনেক বাংলা ভাষাভাষী দর্শক সিনেমা দেখতে এসেছিলেন। সবার আন্তরিক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এটা একটা শুভ লক্ষণ। প্রথমবার উৎসবেই আয়োজকরা যেভাবে সফল হয়েছে, তাতে মনে হচ্ছে যে আগামীতে তারা আরো বড় পরিসরে এ উৎসব করতে পারবে।’

সহশিল্পী ও বন্ধু মৌসুমীর সঙ্গে দেখা হওয়া নিয়ে ফেরদৌস বলেন, ‘অবশ্যই আরো ভালো লাগার ছিল এটা যে সেখানে গিয়ে আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু ও সহকর্মী মৌসুমীর সঙ্গে দেখা হলো। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়ে কী যে ভালো লেগেছে তা বোঝাতে পারব না।’ 

এদিকে মৌসুমী বলেন, ‘উৎসবে যাওয়ার আগে ফেরদৌস বাসায় এসেছিল। আমি নিজের হাতে রান্না করে তাকে খাওয়ালাম। চমৎকার সময় কেটেছে। পরে উৎসবে যোগ দিলাম। সেখানে গিয়ে ঋতুর সঙ্গে দেখা হলো। তো আমাদের তিন বন্ধুর দেখা হওয়াটাও ছিল অনেক আনন্দের। আমরা পুরোটা সময়ই মন দিয়ে উপভোগ করেছি।’