গত বছরের শেষ দিকে মুক্তি পায় ‘প্রিয় মালতী’। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি তার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হন। আজ মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত ‘সাবা’। সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসব মাতিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগ্রহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। প্রিয় মালতী আগে মুক্তি পাওয়ার হিসেবে ‘সাবা’ তার দ্বিতীয় চলচ্চিত্র। দর্শককে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী জানান, আপাতত সীমিত আকারে ‘সাবা’ মুক্তি পাচ্ছে। দর্শকের সাড়া ভালো হলে হলের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে আজ থেকে দর্শক রাজধানীর সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের একটি হলে ‘সাবা’ দেখতে পাবেন।

কী কারণে ‘সাবা’ দর্শকের দেখা উচিত? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সাবা শুধু মা ও মেয়ের গল্প নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবন বদলে দেয়। সেই থেকে মা সীমাবদ্ধতায় বাঁধা, আর সাবা বড় হয়ে ওঠে এক জটিল চরিত্রে। নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু একই সঙ্গে মায়ের অবনতিশীল স্বাস্থ্য আর হারানোর ভয় তাকে দ্বিধায় ফেলে। সাবা ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ আর ছাড়তে না চাওয়ার সংগ্রামের গল্প। তাই আমি বিশ্বাস করি, ‍সাবা দর্শকের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভাবনা তৈরি করবে। তাই সুন্দর এ গল্পের সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান রইল।’

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে শিল্পীর কিছু দায়বোধ থাকা দরকার মনে করেন মেহজাবীন। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে আসল বিষয় হলো আমি কেমন ধরনের সিনেমা বেছে নিচ্ছি, কী ধরনের চরিত্রে কাজ করছি, আর সেগুলো সমাজে কোনো প্রভাব ফেলতে পারছে কিনা। কারণ একজন শিল্পী হিসেবে একজন অভিনেত্রী হিসেবে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সমাজের প্রতি আমারও কিছু দায়িত্ব রয়েছে। তাই সিনেমায় অভিনয় করার আগে আমাকেও অনেক কিছু ভাবতে হয়। সেই ভাবনা থেকেই প্রিয় মালতী কিংবা সাবায় অভিনয় করা।’

এদিকে ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘সাবা কনটেস্ট’ নামক একটি প্রতিযোগিতা ছিল। যেখানে মেহজাবীন আহ্বান করেছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাকে নিয়ে ছোট্ট একটি চিঠি লিখতে। যেখানে অংশগ্রহণকারী বলবেন মা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিংবা তাকে না বলা যেকোনো কথা। মেহজাবীন ও তার পুরো টিম বিজয়ীদের হাতে টিকিট তুলে দিয়েছেন গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে। এ টিকিট দিয়েই বিজয়ীরা নির্ধারিত শো’তে ‘সাবা’ উপভোগ করবেন।