পপ সংগীতশিল্পীদের মধ্য প্রথম সারিতে আছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। খুব অল্প সময়েই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন এ তারকা। টেইলর সুইফট মাত্র ২০ বছর বয়সে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন। অভিনয় করেও দর্শকের মন জয় করেছেন তিনি। চলতি বছর ডেভিড ও. রাসেলের ‘আমস্টারডাম’
সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যেখানে দেখা যাবে এ তারকাকে। ২০০৯ সালের জনপ্রিয় সিনেমা ‘টোয়াইলাইট সাগা: নিউ মুন’
সিনেমার ক্যামিও রোলেও টেইলরের ঝলক দেখতে পারত দর্শক। তবে পরিচালকের আপত্তির কারণে সেটা আর হয়ে ওঠেনি।
এক সাক্ষাত্কারে ‘টোয়াইলাইট সাগা: নিউ মুন’-এর পরিচালক ক্রিস ওয়েটজ বলেছিলেন, নিউ মুনের ক্যামিও রোল করতে আগ্রহী ছিলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট।
বিষয়টি নিয়ে টেইলরের এজেন্ট বলেন, টেইলরের ইচ্ছে ছিল টোয়াইলাইট সাগা: নিউ মুন সিনেমার অংশ হওয়ার। তিনি এটার ক্যামিও রোলে থাকতে চেয়েছিলেন। এমনকি ডিনারের অতিথি কিংবা ক্যাফেটারিয়ার গ্রাহকের ভূমিকায় হলেও এ সিনেমার সঙ্গে নিজের নাম জুড়তে চেয়েছিলেন টেইলর। ২০০৯ সালে টেইলরা ছিলেন ব্যাপক জনপ্রিয়। যেকোনো পরিচালক তাকে ক্যামিও রোলে পেলে নিতে আগ্রহী হবেন দ্বিতীয় চিন্তা ছাড়াই। তবে নিউ মুনের পরিচালক ক্রিস ওয়েটজ ভিন্ন সিদ্ধান্ত নেন।
তিনি আরো বলেন, ‘আমি পরিচালকের কাছে গিয়েছিলাম সিনেমায় টেইলরের ক্যামিও রোলের প্রস্তাব নিয়ে। তবে তিনি এটা নাকচ করে দেন। যুক্তি হিসেবে তিনি বলেছিলেন, টেইলর সুইফট অনেক জনপ্রিয়। পর্দায় তাকে দেখা গেলে বাকি চরিত্রদের থেকে দর্শকের নজর সরে যাবে। পর্দায় ৫ মিনিটের জন্য টেইলরকে দেখা গেলে সিনেমার কেন্দ্রীয় চরিত্রদের ভুলে যাবে দর্শক।’
২০০৯ সালে মুক্তি পায় টোয়াইলাইট সাগা: নিউ মুন। সে বছরের বক্স অফিস হিট সিনেমা ছিল এটা।
সূত্র: ইয়ন










